অভিষেকের বিস্ফোরক ব্যাটিংয়ে দুরমুশ নিউজিল্যান্ড
  • ২৭ অক্টোবর, ২০২৬ ১৬:৪৮
Prefer us on Google

ওয়েলিংটন, ২৭ অক্টোবর: নিউজিল্যান্ডের ওয়েলিংটনে আজ কার্যত বিস্ফোরণ ঘটল। তবে গোলা-বারুদের বিস্ফোরণ নয়। ব্যাটিংয়ের বিস্ফোরণ। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে একপেশে লড়াইয়ে জয় তুলে নিল ভারত। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮০ বলে ১৯৯ রান তুলে ম্যাচ জিতে নিলেন শ্রেয়স আইয়াররা। আর এই অবিশ্বাস্য জয়ের নায়ক অভিষেক। মাত্র ৩৮ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে কার্যত তুচ্ছ প্রমাণ করে দিলেন তিনি। তাঁর সঙ্গে তরুণ  বৈভব সূর্যবংশীর বিস্ফোরক ব্যাটিং ভারতকে এনে দিল ৬ উইকেটের জয়। এই ম্যাচে সঞ্জুর বদলে অভিষেকের সঙ্গে ওপেন করলেন বৈভব। 

Advertisement

মঙ্গলবার ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ড্যারিল মিচেল। ৫২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি। যা স্যান্টেনারদের  বড় স্কোরের দিকে এগিয়ে দেয়। ফিন অ্যালেন করেন ২৫ বলে ৪০ রান। শেষ দিকে বেভন জ্যাকবসের অপরাজিত ৩৯ রানের ইনিংসও নিউজিল্যান্ডকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে দেখা যায় ভারতের দুই বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীকে। নিউজিল্যান্ডের বোলারদের কোনও সুযোগ না দিয়েই পাওয়ার প্লেতে রান তুলতে থাকেন তাঁরা। মাত্র ছয় ওভারেই বিনা উইকেটে ১১৮ রান তুলে নেয় ভারত। অভিষেকের ব্যাটিংয়ের সামনে কার্যত অসহায় দেখায় নিউজিল্যান্ডের বোলারদের। মাত্র ১৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। এরপরও থামেনি তাঁর ঝোড়ো ব্যাটিং। চারদিকে একের পর এক বাউন্ডারি ও ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৮ বলে ১১৩ রান করেন অভিষেক। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছয়। অন্য প্রান্তে বৈভব সূর্যবংশীও কম যাননি। মাত্র ১৯ বলে ৪৫ রান করেন এই তরুণ ব্যাটার। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছয়। শেষ পর্যন্ত বৈভব আউট হলেও ততক্ষণে ম্যাচ কার্যত ভারতের মুঠোয় চলে আসে। অভিষেকের দুরন্ত ইনিংসের পর অবশ্য পরপর কয়েকটি উইকেট হারায় ভারত। অভিষেক ১১৩ রান করে আউট হন। সঞ্জু স্যামসন করেন ১৮ রান। শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে আসে ৫ রান। তবে ততক্ষণে জয়ের জন্য প্রয়োজনীয় রান প্রায় তুলে ফেলেছে ভারত। শেষ পর্যন্ত ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে জয় নিশ্চিত করে ভারত।