বেসরকারি স্কুলের বিরুদ্ধে শিক্ষাদপ্তরে অভিযোগ জানাতে খুলছে নয়া পোর্টাল
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে শিক্ষাদপ্তরে সরাসরি অভিযোগ জানানোর জন্য খোলা হচ্ছে সরকারি পোর্টাল। নাম গোপন রেখে অভিভাবকরা এই পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। শুক্রবার নিউটাউন কনভেনশন সেন্টারে ১৮৪টি স্কুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সেরে একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, স্কুলগুলিও যাতে অভাব অভিযোগ জানাতে পারে, তার জন্যও পৃথক পোর্টাল চালু করা হবে। দু’টি পোর্টালই কাজ শুরু করবে ১ ডিসেম্বর। এদিন মুখ্যমন্ত্রী জানান, স্কুলগুলিকে বলা হয়েছে, বার্ষিক স্কুল ফি ইচ্ছামতো বৃদ্ধি করা যাবে না। কিছু স্কুল বলেছে, তারা শিক্ষক-ছাত্র অনুপাত ঠিকঠাক রাখে বলে তাদের ৯ শতাংশ ফি বৃদ্ধি করতে হয়। তবে, তাদের বলা হয়েছে, পাঁচ শতাংশের মধ্যে ফি বৃদ্ধির হার রাখতে হবে। তার বেশি ফি নিয়ে থাকলে পরবর্তী ফিয়ের সঙ্গে তা অ্যাডজাস্ট করতে হবে বা ফেরত দিতে হবে। সরকারি নির্দেশ না মানলে অন্যান্য সাতটি রাজ্যের মতো আইন এনে ফি নিয়ন্ত্রণে বাধ্য হবে সরকার। এছাড়াও, ট্র্যাফিক, পরিবহণ, পুরসভা, পুলিশ মিলিয়ে বেসরকারি স্কুলগুলির বিভিন্ন সমস্যা সমাধানে একটি এসওপি তৈরি করা হবে। মুখ্যসচিবের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় রেখে এই এসওপি তৈরি হবে। 

Advertisement