নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর ঠিক মুখে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তাদের দীর্ঘকালীন পূর্বাভাসে এই কথা জানিয়েছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, এটা নিয়ে এখনই রাজ্যের চিন্তার কিছু নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিম্নচাপটি দক্ষিণ ভারতের দিকে যাবে। তবে আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল হবিবুর রহমান বিশ্বাস জানান, এইসময় দক্ষিণ ভারতের দিকে নিম্নচাপ সৃষ্টির প্রবণতা বেশি থাকে। কারণ ওইদিকে তখন উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে দ্বিতীয় পর্যায়ের বর্ষার মরশুম শুরু হয়।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, ১২-১৩ অক্টোবর নাগাদ নিম্নচাপটি উত্তর আন্দামান সাগরের দিক থেকে দক্ষিণ ও লাগোয়া মধ্য বঙ্গোপসাগরের উপর আসবে। এই জায়গাটি পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরে। এরপর নিম্নচাপটির গতিপ্রকৃতি কী হবে সেই ব্যাপারে আবহাওয়া দপ্তর এখনো কিছু জানায়নি। তবে এটির গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী দিনে নিম্নচাপটির গতিপ্রকৃতি আরও পরিষ্কার হলে তখন নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হবে। পুজোর দিনগুলিতে আবহাওয়া কীরকম থাকবে, তা নির্দিষ্ট পূর্বাভাস দিয়ে আগাম জানাবে আবহাওয়া দপ্তর।
এদিকে বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকার পর, বৃহস্পতিবার কলকাতাসহ বিভিন্ন জেলায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। কিছু স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিকর্তা জানান, বায়ুমণ্ডলের নীচের স্তরে বেশি মাত্রায় জলীয় বাষ্প আছে। বিহারের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্তও। এই কারণে কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে। আপাতত এরকম পরিস্থিতিই থাকবে। বর্ষা বিদায় নেওয়ার সময় এমন হয়। আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
অন্যদিকে, দেশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবারের মধ্যে উত্তর, মধ্য ও পশ্চিম ভারতের কয়েকটি রাজ্যের সঙ্গে পূর্ব ভারতের ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নেবে। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় কবে শুরু হবে তার কোনো ইঙ্গিত এদিন আবহাওয়া দপ্তর দেয়নি। তবে রাজ্য থেকে বর্ষা বিদায়ের স্বাভাবিক দিন ১০ অক্টোবর। সবকিছু ঠিকঠাক চললে পুজোর আগেই রাজ্য থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা থাকছে। মনে করছেন আবহাওয়াবিদরা।