নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে নাম অন্তর্ভুক্ত করার জন্য আরও ১০ দিন সময় দিল রাজ্য সরকার। রবিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কৃষকরা জমির নথি, ব্যাংকের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নথিসহ নির্দিষ্ট ফর্ম ব্লকের কৃষি আধিকারিকের অফিসে জমা দিতে পারবেন। রাজ্য কৃষিদপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করা যাবে। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্তদের রাজ্য সরকারের তরফে বছরে ৩ হাজার টাকা দেওয়া বলে আগেই ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষান প্রকল্পে যে ৬ হাজার টাকা পাওয়া যায় এটা তার অতিরিক্ত। কৃষক বন্ধু ও প্রধানমন্ত্রী কিষান প্রকল্পে নথিভুক্তরা সরকারের কাছে এমএসপি এবং বোনাসসহ ধান বেচতে পারবেন। আগামী দিনে সরকার আলু বিক্রির সময় বোনাস দিতে পারে। সেখানেও নথিভুক্ত কৃষকরা তা পাবেন বলে মনে করা হচ্ছে। গত কয়েকমাস যাবৎ রাজ্যজুড়ে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। রাজ্য সরকার জানিয়েছে, পূর্বতন জমানায় কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা প্রাপকদের তালিকা তৈরিতে অনেক অনিয়ম হয়েছিল। তাই নথি নিয়ে নতুন তালিকা তৈরি করা হচ্ছে।



