নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যেসব ‘নিউ সেট আপ’ উচ্চ প্রাথমিক স্কুলের পড়ুয়া কম সেগুলিকে নিকটবর্তী হাইস্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিল শিক্ষাদপ্তর। প্রয়োজনীয় নির্দেশ স্কুল পরিদর্শক পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। যেসব স্কুলে পড়ুয়া ৫০-এর কম সেগুলির বিশদ বিবরণ সংগ্রহ করতে বলা হয়েছে। নিকটবর্তী কোন স্কুলের সঙ্গে যুক্ত করা সম্ভব, প্রস্তাব আকারে জানাতে হবে তাও।
শিক্ষাদপ্তরের বক্তব্য, পড়ুয়া সংকটে ভোগা স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের সদ্ব্যবহার করতেই এই সময়োচিত উদ্যোগ। এতে সরকারি অর্থ ব্যয়ও যুক্তিসংগত হবে। শিক্ষার অধিকার আইন মেনেই পদক্ষেপটি করার ব্যাপারে সতর্ক করা হয়েছে এই নির্দেশে। স্কুলে যাওয়ার জন্য কোনো পড়ুয়াকেই যেন এক কিমির বেশি পথ পাড়ি দিতে না-হয়। এই কথা মাথায় রেখেই হাজারখানেক নিউ সেট আপ জুনিয়র হাইস্কুল স্থাপিত হয় বাম আমলে। তবে, সেই একক স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা নগণ্য। পড়ুয়ার অভাবে এমন বহু স্কুলই এখন বন্ধ। সংশ্লিষ্ট স্কুলগুলির ভৌগোলিক এবং আর্থ-সামাজিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি সম্ভব নয় বলেই মনে করে শিক্ষাদপ্তরের অফিসাররা। তাই স্কুল ‘মার্জার’ বা সংযুক্তিকরণের পক্ষে তাঁরা।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, পড়ুয়াদের যাতায়াতের সুবিধার্থেই স্কুলগুলি তৈরি হয়েছিল। বেশিরভাগ স্কুল বড়ো স্কুলের কাছাকাছি চালু হওয়ায় পড়ুয়া সংগ্রহের সমস্যা ছিল। তবে, এটাও ঠিক, শিক্ষকের সংকট এবং দুর্বল পরিকাঠামোর কারণে বহু অভিভাবক স্কুলগুলির উপর আস্থা রাখতে পারেননি। বেসরকারি স্কুলে সন্তানদের সরিয়ে নিয়ে গিয়েছেন অনেকে। তবে, শিক্ষক নিয়োগ এবং পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে পড়ুয়া ফেরানো সম্ভব এখনো।
অন্যদিকে, ক্লাসের সময় বাঁচাতে পড়ুয়াদের হাজিরা নেওয়ার জন্য চিরাচরিত রোলকলের বাইরে হাঁটতে চাইছে শিক্ষাদপ্তর। শিক্ষকদের ফোনে থাকা ফেস রেকগনিশনের সুবিধাযুক্ত এআই অ্যাপের মাধ্যমে হাজিরা নেওয়ার ব্যবস্থা চালু করতে চায় তারা।



