Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

পুজোয় নতুন হেয়ারকাট

পুজোয় নতুন হেয়ারকাট
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কোন কোন স্টাইল চলছে এবার, রইল হদিশ-

Advertisement

সারা বছর যেমনই চলুক, উৎসবের মরশুমে একটু নতুন লুক চান অনেকেই। মুখাবয়বে চট করে একটা নতুনত্ব এনে দিতে পারে মানানসই হেয়ারকাট। তার জন্য জেনে নিতে হবে আপনার মুখে কোন ধরনের হেয়ার কাট মানাবে? ট্রেন্ডিং সবকিছু সবাইকে মানাবে, তা তো নয়। ঝোঁকের বশে একরকম করে চুল কাটিয়ে ফেললেন, পরে দেখলেন সেটা মুখের সঙ্গে একদমই ভালো লাগছে না। তাই সাতপাঁচ ভেবে স্টাইলিস্টের পরামর্শ নিয়ে তবেই হেয়ারকাট করুন। সাধারণ ট্রিমিং যাঁরা করতে চান, তাঁদের কোনও অসুবিধা নেই। তিন মাস অন্তর একটু ট্রিমিং চুলের জন্য ভালো। ঠিক সময় অন্তর চুল কাটলে ডগা ভেঙে যাওয়ার সমস্যা অনেকটা কমে এবং চুলের গ্রোথও ভালো হয়।

পুজোর জন্য যাঁরা নতুন ধরনের লুক তৈরি করতে চাইছেন, তাঁদের চুলের ধরন, লাইফস্টাইল এবং মুখের আকৃতি ভালো করে বুঝে নিতে হবে। সাজের ক্ষেত্রে যেমন, হেয়ারকাটও যেন এমন না হয়, যা আপনার ব্যক্তিত্বকে আড়াল করে। এবছর যে ধরনের হেয়ার স্টাইল চলছে, জেনে নিন তার খবর। 

হেয়ার এক্সপার্টরা বলছেন, রেট্রো বব কাট স্টাইলে আবার এসেছে  ফিরিয়া। এই ধরনের কাট ডিম্বাকৃতি, গোল কিংবা পানপাতার মতো মুখে বেশ মানায়। চুলের ধরন ঢেউ খেলানো কিংবা স্ট্রেট হলে দিব্যি লাগবে বব কাট। আমাদের এখন যেরকম আবহাওয়ার মধ্যে কাজ করতে হয়, তাতে চুলের লেন্থ খুব বেশি রাখা মুশকিল। বিশেষ করে যাঁদের রোজ বাইরে বেরতে হয়, তাঁদের জন্য এধরনের হেয়ারকাট সুবিধার। উৎসবের সাজের সঙ্গেও লাগবে স্মার্ট। বব কাটের সঙ্গে একটু সফট ওয়েভ অথবা কার্টেন ব্যাংস রাখতে পারেন মুখের সামনের দিকে। এটা বাড়তি সৌন্দর্য যোগ করবে মুখে। 
বব-এর সঙ্গেই তাল মিলিয়ে চলছে লং বব। মুখের কাছে একটু লেয়ার্স। ব্যস, স্মার্ট লুক তৈরি। সব ধরনের মুখমণ্ডলেই এই কাট চলে যেতে পারে। আমাদের এখানকার চুলের ধরনের সঙ্গেও খাপ খেয়ে যায়। যাঁরা লেন্থ কমাতে চান না, তাঁদের লেন্থ রেখেই এই কাট-এ বেশ বাউন্স আসবে চুলে। 
আপনার আগে থেকেই চুলে কি ইউ শেপ কাটা রয়েছে? তাহলে আপনি ভাবতে পারেন ইউ কাট-এর মধ্যে উইস্পি ব্যাংস। ভীষণ অভিজাত একটা লুক তৈরি করতে পারে এই কাট। মাঝারি থেকে লম্বা লেন্থের চুলে এই কাট ভালো লাগবে। বর্গাকৃতি বা গোলাকার মুখের শেপ-এ একটা লালিত্য যোগ করতে পারে এই হেয়ার স্টাইল। 

হেয়ার নিয়ে বেশি পরীক্ষানিরীক্ষা চান না যাঁরা, তাঁদের জন্য রয়েছে ব্লান্ট কাট। পুরনো হলেও এই কাট সবসময় স্টাইলে। একদম স্ট্রেট চুলে সবচেয়ে ভালো লাগে এই কাট। ব্লান্ট কাট-এর সঙ্গে মাঝখানে সিঁথি করলে শার্প লুক তৈরি হবে। ডিম্বাকৃতি মুখে এই কাট বেশি ভালো লাগে। এই ধরনের হেয়ারকাট-এর সঙ্গে বেশ উজ্জ্বল কোনও হেয়ার কালার বা হাইলাইটস যদি করান, সেটাও দুর্দান্ত লাগবে দেখতে।  

লেয়ার্স-এর জনপ্রিয়তা এমনিতেই এবছর  তুঙ্গে। এখন সোশ্যাল মিডিয়াতে হিট ‘বাটারফ্লাই লেয়ার্স’। যাঁদের চুল বেশ লম্বা এবং ঢেউ খেলানো, তাঁদের জন্য বেশ মানানসই এই কাট। সফট অথচ লং লেয়ার্স থাকবে চুলে, তৈরি হবে বাটারফ্লাই উইংস। বলিউড তারকা থেকে শুরু করে ফ্যাশন ইনফ্লুয়েন্সার— সকলেরই মন কেড়েছে বাটারফ্লাই লেয়ার্স।

ঢেউ খেলানো কিংবা কোঁকড়ানো চুলে মানাবে কী রকম হেয়ারকাট? আপনাদের জন্য আছে কার্লি শ্যাগ হেয়ার কাট। এটাও এক ধরনের লেয়ার্ড কাট। এতে মাথার উপরদিকে রাখা হয় শর্ট লেয়ার্স। বাকি চুলে ছড়ানো থাকবে লং লেয়ার্স। কোঁকড়া চুলে এই কাট খুব সুন্দর একটা টেক্সচার তৈরি করে যার সাহায্যে স্বাভাবিক কার্লস প্যাটার্ন দেখতে ভালো লাগে। এই কাট একদিকে আধুনিক আবার একই সঙ্গে ৭০-এর দশকের রক অ্যান রোল যুগের স্মৃতি বয়ে আনে! আর বেশি দিন নেই হাতে। মনমতো হেয়ারকাট বেছে এইবেলা সেরে নিন কেশচর্চা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ