নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ঘূর্ণিঝড় উম-পুনের সময় বারাকপুর স্টেশনের ফুটওভার ব্রিজ ভেঙে পড়েছিল। এই ব্রিজটি ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয়ে ৪ নম্বর প্ল্যাটফর্ম পার করে নীচে নেমেছে। গত কয়েক বছর ধরে ওই ফুটওভার ব্রিজটি অর্ধেক হয়ে পড়ে রয়েছে। ওই কাজ পুনরায় চালু করার জন্য রেলকে দফায় দফায় আবেদন করেছেন বারাকপুরবাসী। এমনকি, এই দাবিতে নাগরিক মঞ্চ রেল অবরোধ পর্যন্ত করেছিল। অবশেষে পূর্ব রেলের ডিআরএম রাজীব সাক্সেনা বারাকপুর স্টেশন পরিদর্শন করে জানিয়েছেন, শুধু ফুটওভার ব্রিজ তৈরি হবে না, তার সঙ্গে বসবে লিফট এবং চলমান সিঁড়ি। যাতে প্রবীণদের যাতায়াত করতে সুবিধা হয়। বারাকপুরকে অমৃত ভারত মডেল স্টেশন করার ঘোষণা করেছিল রেল কর্তৃপক্ষ। সেই মতো কাজ শুরু হয়েছে। নতুন করে স্টেশনটি সাজিয়ে তোলা হচ্ছে। যাত্রীদের স্বার্থে নানা পরিকল্পনা করা হয়েছে। সেই কাজ খতিয়ে দেখতে গত সপ্তাহে ডিআরএম বারাকপুর স্টেশন পরিদর্শনে আসেন।
এ প্রসঙ্গে নাগরিক মঞ্চের সম্পাদক অরুণ ঘোষ বলেন, আমরা দীর্ঘদিন ধরে ফুট ওভারব্রিজ তৈরির দাবি জানিয়ে এসেছি। রেল কর্তৃপক্ষ এতদিন তাতে কর্ণপাত করেনি। এই ব্রিজটি তৈরি হলে শুধু রেল যাত্রী নয়, বারাকপুরের সর্বস্তরের মানুষের উপকার হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের লাইন পারাপারের ঝুঁকি থাকবে না।



