নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শিবপুর আইআইইএসটির মুকুটে নতুন পালক। ১,১০৬ জন ছাত্রের থাকার ব্যবস্থাসহ ১১তলা বয়েজ হস্টেলের উদ্বোধন হল রবিবার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হল’ নামে এই হস্টেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে ছিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা আইআইইএসটির প্রাক্তনী তথাগত রায়।
উদ্বোধনের পর হস্টেলটি ঘুরে দেখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও তথাগত রায়। সুকান্তবাবু বলেন, প্রায় ১৭০ বছরের পুরানো এই প্রতিষ্ঠান দেশের অন্যতম প্রাচীন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকেন্দ্র। এখান থেকে বহু বিশিষ্ট শিক্ষাবিদ বেরিয়েছেন। এতদিন হস্টেলে থাকার ব্যবস্থা নিয়ে সমস্যা থাকলেও নতুন ভবনে ছাত্রদের জন্য উন্নত পরিকাঠামো তৈরি হয়েছে। আগামীদিনে এখান থেকে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করা পড়ুয়ারা বের হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শ্যামাপ্রসাদের নামে হস্টেলের নামকরণ প্রসঙ্গে তাঁর বক্তব্য, শিক্ষার লক্ষ্য শুধু ডিগ্রি অর্জন নয়—চরিত্র গঠন, সমাজসেবা এবং দেশসেবাই শিক্ষার মূল উদ্দেশ্য। সেই আদর্শেই এই প্রতিষ্ঠান আগামীদিনে ছাত্র তৈরি করবে বলে আশা তাঁর।
তথাগত রায় বলেন, ‘আমার জীবনের ৮০ বছরের মধ্যে পাঁচটি সেরা বছর কেটেছে এই প্রতিষ্ঠানে। শ্যামাপ্রসাদের নামে হস্টেল প্রতিষ্ঠা এবং তার উদ্বোধনের সাক্ষী হতে পেরে আমি গর্বিত।’
পরিবেশবান্ধব ভাবনায় নির্মিত হয়েছে ভবনটি। ছাদে সোলার প্যানেলের ব্যবস্থা রয়েছে। লাগানো হয়েছে বিভিন্ন ধরনের গাছ। অনুষ্ঠানে ছিলেন আইআইইএসটির ডিরেক্টর ভি এম এস আর মূর্তি, বোর্ড অব গভর্নরসের চেয়ারপার্সন তেজস্বিনী অনন্ত কুমার এবং বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, অধ্যাপক ও পড়ুয়ারা।