নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৬ জুলাই রথযাত্রার দিন থেকে দিল্লির সরকারি অতিথিশালা বঙ্গভবনে মিলবে বাঙালির রসনা তৃপ্তির নানা নতুন পদ। যদিও তার জন্য বঙ্গভবনের বোর্ডারদের খাওয়ার খরচে কোনো বদল হচ্ছে না। এখনো আগের মতোই নিরামিশ বা ডিম ভাতের থালি মিলবে ১০০ টাকাতেই। মাছ ভাত ১১০। চিকেন থালি ১২৫ এবং মাটন থালি ১৪৫। সঙ্গে ৫ শতাংশ জিএসটি। আর বোর্ডারের বাইরে রেস্তরাঁয় বাঙালির যাবতীয় পদের কোনো পরিবর্তন হবে না। বরং সঙ্গে জুড়বে গন্ধরাজ ইলিশ, মাটন ডাকবাংলো, শান্তিভোগ, নলেন গুড়ের মালাই রোলের মতো জিভে জল আনা পদ। সেখানে অবশ্য দাম আলাদা।
বঙ্গভবনের ক্যান্টিন চালানোর জন্য এখন দায়িত্ব দেওয়া হয়েছে নতুন ঠিকাদার ‘অ্যারিস্ট্রোক্যাট’ নামে এক কেটারারকে। টেন্ডারের মাধ্যমে নতুন বরাত দিয়ে রাজ্য সরকারও এবার পাবে বাড়তি রাজস্ব। নতুন প্রতিষ্ঠান প্রত্যেক মাসে ভাড়া দেবে ৪ লক্ষ ২৩ হাজার টাকা। বছরে ৫০ লক্ষ ৭৬ হাজার টাকা। এতদিন সরকার পেত বছরে ২৭ লক্ষ। ১৯৮৫ সাল থেকে দিল্লির বিভিন্ন কালীবাড়ি, সামাজিক অনুষ্ঠানে খাবার সরবরাহ করা অ্যারিস্ট্রোক্যাটের মালিক মদনকুমার ভানজা জানান, খাবারের গুণমানে কেউ কোনো কমপ্লেন করতে পারবে না বলেই আমি আত্মবিশ্বাসী। পুরানো সংস্থার কোনো কর্মচারী যদি যোগ্য হন, তাহলে তাহলে তাঁদের আমার সংস্থায় কাজ দেব। আমার অনেক লোকের দরকার।