নয়াদিল্লি: যান্ত্রিক ত্রুটি থেকে শুরু করে খারাপ আবহাওয়া। একাধিক কারণে বারবার পিছিয়ে গিয়েছে অক্সিয়ম-৪ অভিযান। বেসরকারি সংস্থার এই অভিযানের হাত ধরেই মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু শুক্লা। শনিবার ফের আসন্ন অভিযানের নতুন দিন ঘোষণা করল ইসরো। সব ঠিকঠাক থাকলে আগামী ১৯ জুন, বৃহস্পতিবার যাত্রা শুরু করবে স্পেসএক্সের ফ্যালকন ৯। গত বুধবার এই রকেটেই এলওএক্স লিক ধরা পড়ায় পিছিয়ে গিয়েছিল অভিযান। অর্থাৎ অক্সিজেন লিক করছিল। বিবৃতি দিয়ে ইসরো জানিয়েছে, ‘ফ্যালকন ৯ রকেটে অক্সিজেন লিকের সমস্যা ঠিক করা হয়েছে। অক্সিয়ম স্পেস, স্পেসএক্স ও ইসরোর পর্যালোচনা বৈঠকে তা জানা গিয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সার্ভিস মডিউলের প্রেসারের সমস্যা মেটাতে নাসার সঙ্গে যৌথভাবে কাজ করছে অক্সিয়ম স্পেস।’ এক্স হ্যান্ডলে অভিযানের পরবর্তী দিনক্ষণ জানিয়ে পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি লেখেন, ‘অভিযান পিছিয়ে যাওয়ার পিছনে যেসব সমস্যা ছিল তা সমাধান করেছে স্পেসএক্স। ১৯ জুন ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লাকে নিয়ে যাত্রা শুরু করবে অক্সিয়ম-৪।’



