নিজস্ব প্রতিনিধি, মালদহ: তারাতলায় বিপর্যয়ের পর নড়েচড়ে বসল মালদহ জেলা প্রশাসন। ইংলিশবাজার শহরের সমস্ত বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখতে ইঞ্জিনিয়ারদের নিয়ে গঠন করা হল বিশেষ কমিটি। তিন সদস্যের এই কমিটিই খুঁটিয়ে দেখবে সমস্ত বিল্ডিং প্ল্যান। প্ল্যান বহির্ভূত কোনো নির্মাণ নজরে এলেই তা ভেঙে দেওয়া হবে এবং নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শুক্রবার শহরে ফিরেই প্রশাসনের কড়া অবস্থানের কথা জানিয়ে দিলেন ইংলিশবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি।
ইংলিশবাজার শহরের জনঘনত্ব রাজ্যের অন্যান্য শহরের তুলনায় কয়েক গুণ বেশি। প্রয়োজনীয়তা থাকলেও এখানে এখনও শহর সম্প্রসারণ হয়নি। যার ফলে গায়ে গায়ে গড়ে উঠেছে বাড়ি, ফ্ল্যাট। শহরে অনেক ফ্ল্যাট বা বহুতলই প্ল্যান অনুযায়ী তৈরি করা হয়নি বলে অভিযোগ।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিল্ডিং প্ল্যানে যে পরিমাণ জায়গা ছাড়া হয়েছে বলে দেখানো হয়েছে, বাস্তবে তার এক ইঞ্চিও ফাঁকা রাখা হয়নি। এনিয়ে বহুবার অনেক অভিযোগ সামনে এসেছে। বেআইনি নির্মাণ নিয়ে জল গড়িয়েছে আদালত পর্যন্ত। কিন্তু বেআইনি নির্মাণ থামানো যায়নি।
প্রশাসন সূত্রেও জানা গিয়েছে, ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে শহরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য পুর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি। যেখানে পূর্ত দপ্তর, জেলা প্রশাসন ও এমইডির ইঞ্জিনিয়ার থাকছেন।
অম্লান বলেন, শহরের বেআইনি নির্মাণের উপর নজরদারি চালাতে তিন সদস্যের কমিটি হয়েছে। পূর্ত দপ্তর, এমইডি এবং জেলা প্রশাসনের তরফ থেকে একজন করে ইঞ্জিনিয়ার থাকবেন। এই কমিটি সমস্ত বিল্ডিং প্ল্যান খুঁটিয়ে খতিয়ে দেখবে। অনিয়ম হয়ে থাকলে সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে। এবিষয়ে রাজ্য সরকার এবং প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।