নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের পালাবদলের পর আজ বিজেপি সরকারের তরফে ২০২৬-২৭ এর নয়া বাজেট পেশ করল অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত। এদিন বাজেটে গোটা রাজ্যবাসীর নজর ছিল ডিএর উপর। কিন্তু ডিএ ছাড়াও বিভিন্ন নয়া প্রকল্প এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এদিন অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে চালু থাকা সব সামাজিক প্রকল্পই চালু থাকবে আগামীদিনে। সেই সঙ্গেই এদিন রাজ্যের একাধিক বেকার যুবকদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য-শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা ১৫০০ থেকে বাড়িয়ে ২০০০ হাজার এবং ৩০০০ টাকা করল রাজ্য সরকার। এই প্রকল্পে স্নাতক বেকারদের জন্য মাসে ৩০০০ হাজার টাকা এবং বাকিদের জন্য ২০০০ টাকা বরাদ্দ করা হল। কিন্তু পারিবারিক আয় ১ লক্ষ টাকার কম এবং যাঁরা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাঁদের জন্যই এটি প্রযোজ্য হবে। এছাড়াও অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, বিধায়ক তহবিলে ৭০ লক্ষ টাকা বৃদ্ধি করে ১ কোটি টাকা করা হয়েছে এবং অন্নপূর্ণা যোজনার জন্য ৩৬ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। বেকার যুবকদের সঙ্গে পাশাপাশি বয়স্ক-বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এরপর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করা হবে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের পারিশ্রমিকও ২০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে এবং সেই সঙ্গে হোমগার্ডদেরও পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে ২০০০ টাকা। পাশাপাশি আশাকর্মীদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত। এরপর রাজ্যে নতুন পাঁচ নুতন জেলা ঘোষণা করল সরকার। সেই গুলি হল,কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। এই সবের পাশাপাশি রাজ্যের নিয়োগ নিয়ে বড়ো ঘোষণা অর্থমন্ত্রীর। এক লক্ষ শূন্যপদ নিয়োগ করা হবে। তাতে ৩৩ শতাংশ সংরক্ষণ থাকবে মহিলাদের জন্য। ২০ হাজার পুলিশ বিভাগে ও ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগে ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে ৫ বছর ছাড় দেওয়া হয়েছে। এই সুবিধা পরবর্তী ২ বছরের জন্য বহাল থাকবে।



