Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরীর জগন্নাথের আদলে নতুনগ্রামে হচ্ছে ১২ হাজার কাঠের জগন্নাথদেব

নতুনগ্রামে পুরীর আদলে তৈরি হচ্ছে ১২ হাজার কাঠের জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তি। শিল্পীদের ব্যস্ততা বাড়ছে রথের মেলায়। বিস্তারিত পড়ুন।

পুরীর জগন্নাথের আদলে নতুনগ্রামে  হচ্ছে ১২ হাজার কাঠের জগন্নাথদেব
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: বৃহস্পতিবার রথ। পূর্বস্থলীর নতুনগ্রামের কাঠখোদাই শিল্পীরা নাওয়া খাওয়া ভুলে তৈরি করছেন নানা সাইজের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কাঠের মূর্তি। পুরীর জগন্নাথ দেবের আদলেই তৈরি হচ্ছে সেইসব মূর্তি। যা পাড়ি দেবে ভোপাল ও রাজ্যের বিভিন্ন প্রান্তের রথের মেলায়। মোট ১২ হাজার কাঠের দেবদেবীর মূর্তি তৈরি হচ্ছে। রথের মেলায় লক্ষ্মীলাভের আশায় ব্যস্ততা গ্রামের মহিলাদেরও। 

Advertisement

পূর্বস্থলী-২ ব্লকের নতুনগ্রাম বহুবছর ধরেই কাঠপুতুলের গ্রাম হিসাবে পরিচিত। গ্রামের ৫০টি পরিবার বংশ পরম্পরায় কাঠের পেঁচা তৈরি করে চলেছেন। আগে রথ উপলক্ষ্যে তাঁদের চিরাচরিত শিল্পরীতিতেই জগন্নাথদেবের মূর্তি তৈরি হতো এখানে। কারণ, তাতে নতুনগ্রামের কাঠের পেঁচার ঐতিহ্য বজায় থাকত। এবারে শিল্পীরা কাজের ধরন বদলেছেন। চিরাচরিত আঙ্গিক ছেড়ে পুরীর মূর্তির আদলে জগন্নাথদেবের মূর্তি তৈরি করছেন। তার চাহিদাও নাকি বেড়েছে। রথের মেলায় বিক্রির জন্য ছোটো ছোটো জগন্নাথ ছাড়াও বড় কাঠের জগন্নাথ তৈরির বরাত পান শিল্পীরা। নতুনগ্রামের প্রতিটি বাড়িতেই কাঠ দিয়ে রঙবেরঙের জগন্নাথ তৈরি হচ্ছে। বিভিন্ন সাইজের জগন্নাথ, সুভদ্রা ও বলরাম তৈরি করা হয়েছে। 
দমদম, নাগের বাজার, শ্রীরামপুর, গুপ্তিপাড়া, কালীঘাট, চন্দননগর এসব জায়গায় রথের মেলায় পাড়ি দেন নতুনগ্রামের কাঠপুতুল শিল্পীরা। তাই এখন গ্রামে প্রতিটি বাড়িতেই চূড়ান্ত ব্যস্ততা। কেউ ঝুড়িতে সাজিয়ে রাখছেন। কেউ রঙ দিচ্ছেন। উৎসবের মেজাজ গ্রামজুড়ে। 
গ্রামের শিল্পী গৌতম ভাস্কর, গৌরাঙ্গ ভাস্কর বলেন, আমরা জগন্নাথ, সুভদ্রা ও বলরামের পুতুল তৈরি করে জেলায় জেলায় রথের মেলাগুলিতে বসি। ভালোই বিক্রিবাটা হয়। এবারে পুরীর মূর্তির আদলে তৈরি হচ্ছে। গ্রামের সব শিল্পীদের নিয়ে প্রায় ১২  হাজার ছোটোবড়ো জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি করা হয়েছে।
এখানকার শিল্পীরা কাঠের বিভিন্ন রকমের পুতুল তৈরি করেই সংসার চালান। বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই সহ রাজ্যের সমস্ত জায়গায় এখানকার শিল্পীদের শিল্পকর্ম পাড়ি দেয়। সদ্য জিআই ট্যাগও পেয়েছে এঈখানকার কাঠখোদাই শিল্প। কাজের উৎসাহ বেড়েছে তাঁদের। গ্রামের মহিলা শিল্পী টুম্পা সূত্রধর, মাম্পি সূত্রধরদের কথায়, প্রতিটি বাড়িতেই প্রায় ৩০০ থেকে ৪০০ পিস করে ছোটোবড়ো জগন্নাথ তৈরি হয়েছে। আমরা মহিলারাও বাড়ির পুরুষদের সঙ্গে কাজে হাত লাগাই। রথের মেলায় আমাদের আয় ভালোই হয়। 
 পূর্বস্থলীর নতুনগ্রামে পুরীর আদলে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম তৈরি করছেন শিল্পীরা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ