নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিউরো সার্জারি শুরুর প্রক্রিয়া চলছে। এছাড়া ওপেন হার্ট সার্জারির জন্যও পরিকাঠামো তৈরি হয়েছে। কয়েক দিন আগে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বর্ধমানে এসে এই দু’টি পরিষেবা চালু করার কথা বলে যান। তারপরই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দু’টি বিভাগের জন্য চিকিৎসক এবং প্রয়োজনীয় কর্মী নিয়োগ করা হবে। এছাড়া বেশ কয়েকটি মেশিন আনা হচ্ছে। দেড় থেকে দু’মাসের মধ্যেই পরিষেবা চালু হতে পারে। এক আধিকারিক বলেন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ক্যানসার চিকিৎসার জন্য তৈরি হওয়া ইউনিটটি চালু হয়েছে। সেখানে আরও কিছু কাজ বাকি রয়েছে। সেগুলি দ্রুত সম্পূর্ণ করে পুরোদমে চালু হবে। নিউরো সার্জারি এবং ওপেন হার্ট সার্জারির জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি চলছিল। অবশেষে তা চালু হতে চলেছে।
অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে শুধু দুই বর্ধমান নয়, বীরভূম, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলার রোগীরা চিকিৎসার জন্য আসেন। মুর্শিদাবাদের সালার থেকে স্ত্রীর চিকিৎসার জন্য এসেছিনে সলেমান শেখ। তিনি বলেন, স্ত্রীর পায়ের শিড়ার সমস্যা রয়েছে। আগে বাইরে চিকিৎসা করাতাম। অনেক টাকা খরচ হয়ে যেত। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হয়। নিউরো সার্জারি পরিষেবা চালু হলে রোগীরা আরও বেশি উপকৃত হবে। আর এক রোগীর আত্মীয় সমর মণ্ডল বলেন, প্রায় দেড় বছর ধরে চিকিৎসার জন্য এখানে আসছি। ওষুধ কেনা ছাড়া আর কোনো খরচ হয় না। তবে অপারেশন কেসে অনেককেই ফিরিয়ে দেওয়া হয়। সে পরিষেবা এখানে চালু হলে গরিব পরিবারগুলি উপকৃত হবে।
রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো হবে। আগের থেকে রোগীরা অনেক ভাল পরিষেবা পাবেন। রোগীদের কথা ভেবেই একাধিক নতুন ইউনিট চালু হচ্ছে। কয়েক দিন আগে স্বাস্থ্যমন্ত্রী বর্ধমানে এসে জানান, চিকিৎসা পরিষেবায় অনেক খামতি রয়েছে। সেসব সমস্যা মেটানো হবে। আগামী দিনে দক্ষিণবঙ্গের রোগীদের যাতে কলকাতায় যেতে না হয়, তার ব্যবস্থা করা হবে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল বা অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে অত্যাধুনিক সমস্ত পরিষেবা চালু হবে। স্বাস্থ্য ব্যবস্থা দালালরাজ মুক্ত করা হবে। রোগীদের যাতে ভুল বুঝিয়ে কেউ বেসরকারি হাসপাতালে না নিয়ে যেতে পারে তার ব্যবস্থা করা হবে। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সির সামনে সিসি ক্যামেরা বসানো হয়েছে। স্বাস্থ্য ভবন থেকে নজরদারি চলছে।