সংবাদদাতা, শিলিগুড়ি: নেতাজিকে নিয়ে নগেন রায় ওরফে অনন্ত মহারাজের ‘কুকথা’ বিতর্ক থামছেই না। এবার ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে তাঁকে ‘দেশদ্রোহী’ বললেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (জিসিপিএ) নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। রবিবার রাতে ফুলবাড়ির জাবরাভিটায় জিসিপিএ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। প্রকাশ্য সভায় নগেন রায় দাবি করেন, ভারতকে স্বাধীন করার ক্ষেত্রে নেতাজির কোনো অবদান নেই। তাঁর অভিযোগ, নেতাজি দেশের বিরুদ্ধে বন্দুক ধরেছিলেন, দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিনি দেশদ্রোহী।
এখানেই থামেননি তিনি। তাঁর দাবি, ভারতকে স্বাধীন করেছিলেন কোচবিহারের মানুষ ও সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্রনারায়ণ। নেতাজি আদৌ ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন কি না, তিনি কোথায় কোথায় গিয়েছিলেন ও তাঁর উদ্দেশ্য কী ছিল, এমন একাধিক প্রশ্নও তোলেন নগেন রায়।
রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, এর আগেও নেতাজিকে নিয়ে নগেন রায়ের মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছিল। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লককে ‘গুন্ডাবাহিনী’ বলার অভিযোগ উঠেছিল। নগেন রায়ের নেতাজি বিরোধী মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা ‘যৌথ প্রতিবাদ বিবৃতি’ প্রকাশ করে নগেন রায়ের ওই বক্তব্যের প্রতিবাদ করেছিলেন। তার মধ্যে জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায়ও ছিলেন।, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নিখিলচন্দ্র রায়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী বিজ্ঞানী মহেন্দ্রনাথ রায় সহ আরও অনেকে সেই যৌথ প্রতিবাদ বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন।