সংবাদদাতা, লালবাগ: ফাঁকা বাড়িতে ঢুকে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁর ভাইপোর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই জিয়াগঞ্জ থানা এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কীর্তিমান ভাইপো পলাতক। বৃদ্ধার পরিবার অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিস নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তের খোঁজ শুরু করেছে। মঙ্গলবার লালবাগ মহকুমা হাসপাতালে ওই বৃদ্ধার ডাক্তারি পরীক্ষা করানো হয়। এক পুলিস আধিকারিক বলেন, অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা মাস খানেক আগে পক্ষাঘাতে আক্রান্ত হন। সেই কারণে তিনি হাঁটাচলা করতে পারেন না। বৃদ্ধার নাতবউ তাঁকে দেখাশোনা করেন। ঘটনার ঠিক আগে নাতবউ জল আনতে বাড়ির বাইরে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে অভিযুক্ত যুবক বৃদ্ধার ঘরে ঢোকে এবং ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই ঘটনার মধ্যে বৃদ্ধার নাতবউ বাড়ি ফিরে এসে ঘর বন্ধ দেখেন। ডাকাডাকি করে না খোলায় প্রতিবেশী এক মহিলাকে ডেকে নিয়ে আসেন। এরপর দু’জনে দরজায় ধাক্কা দেন। অবস্থা বেগতিক দেখে দরজা খুলে দু’জনকে ধাক্কা মেরে ছুটে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনাটি জানাজানি হতেই গ্রামবাসীরা আসেন। শুরু হয় অভিযুক্তের খোঁজ। কিন্তু সকলের চোখে ফাঁকি দিয়ে অভিযুক্ত গাঢাকা দেয়।