Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

নেপালের প্রাকৃতিক বিপর্যয়ে কান্দির চোখের রোগীরা বিপাকে, সবার গন্তব্য দক্ষিণ ভারতের হাসপাতালগুলি

নেপালের সাম্প্রতিক বিপর্যয়ে সমস্যায় কান্দি মহকুমার রোগীদের একাংশ

নেপালের প্রাকৃতিক বিপর্যয়ে কান্দির চোখের রোগীরা বিপাকে, সবার গন্তব্য দক্ষিণ ভারতের হাসপাতালগুলি
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: নেপালের সাম্প্রতিক বিপর্যয়ে সমস্যায় কান্দি মহকুমার রোগীদের একাংশ। এই বিপর্যয়ের ফলে চোখের সমস্যা মেটাতে নেপালের হাসপাতালগুলির পরিবর্তে এখন দেশের দক্ষিণের রাজ্যগুলির হাসপাতালের দিকে ঝুঁকছেন তাঁরা। ফলে সমস্যায় পড়েছেন দালালরাও। নেপালে রোগী নিয়ে যেতে না পাড়ায় দালালদের টাকা ফেরাতে হচ্ছে রোগীর পরিবারকে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকবছর ধরে কান্দি মহকুমার বিভিন্ন এলাকার চোখের রোগীরা নেপালে গিয়ে চোখ পরীক্ষা করে আসছেন। বিশেষ করে খড়গ্রাম ও বড়ঞা ব্লক এলাকার প্রচুর রোগী নেপালের হাসপাতালগুলিতে গিয়ে চোখ পরীক্ষা করিয়ে আসেন। খড়গ্রাম ব্লকের এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ জসিমউদ্দিন বলেন, কয়েকবছর ধরে এই এলাকার অসংখ্য রোগী নেপালের হাসপাতালগুলিতে গিয়ে চক্ষু পরীক্ষা করাচ্ছেন। তবে এর জন্য অনেকে দালালও ধরেন। এখান থেকে নেপালে চক্ষু পরীক্ষা করানোর জন্য বেশি পরিশ্রমও করতে হয় না। যে কারণে স্থানীয়রা চোখ দেখাতে হিমালয়ের কোলে থাকা ছোটো এই দেশে যাওয়াই বেশি পছন্দ করেন।
তবে নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় এলাকার রোগীদের সমস্যায় ফেলেছে। এই সময় দালালরাও রোগীদের সেখানে নিয়ে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন না। খড়গ্রামের আসিফউদ্দিন রহমান বলেন, আমার হাত দিয়েই নেপালের হাসপাতালে এলাকার প্রচুর চোখের রোগীর চিকিৎসা হয়েছে। কিন্তু সাম্প্রতিক বিপর্যয়ে রোগীদের ওখানে নিয়ে যেতে ভরসা পাচ্ছি না। হাসপাতাল খোলা থাকলেও রোগীর দেখাশুনার সমস্যা হতেই পারে। তাই বুকিং করার পরেও রোগীদের ওখানে নিয়ে যেতে পারছি না। প্রয়োজনে রোগীর পরিবারকে টাকা ফেরত দিতে হচ্ছে।
আর এই ঘটনার পর রোগীদের একাংশ চোখের চিকিৎসার জন্য  পাড়ি দিচ্ছেন দক্ষিণ ভারতের নামী হাসপাতালগুলিতে। বড়ঞা ব্লকের পাহাড়িয়া গ্রামের আব্দুল হাসিব বলেন,  চারদিন আগে হায়দ্রাবাদের একটি হাসপাতালে চোখের অপারেশন করিয়ে বাড়ি ফিরেছি। নেপালে যাওয়ার কথা থাকলেও ওখানে যেতে সাহস পাইনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ