Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ছ’মাসের বেশি পদে থাকব না, ক্ষমতার স্বাদ নিতে আসিনি, দায়িত্ব গ্রহণ করেই বললেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি

বেকারত্ব, স্বজনপোষণ, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যু ছিলই। ওলি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বাড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলির উপর নিষেধাজ্ঞা।

ছ’মাসের বেশি পদে থাকব না, ক্ষমতার স্বাদ নিতে আসিনি, দায়িত্ব গ্রহণ করেই বললেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

কাঠমাণ্ডু, ১৪ সেপ্টেম্বর: বেকারত্ব, স্বজনপোষণ, মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যু ছিলই। ওলি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বাড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলির উপর নিষেধাজ্ঞা। তারপরে সরকারের পতন চেয়েই রাস্তায় নেমে পড়ে নেপালের যুবসমাজ। গতসপ্তাহের রবিবার থেকেই ধীরে ধীরে আন্দোলন শুরু হয় কাঠমাণ্ডুতে। সোমবার থেকে বেড়ে যায় আন্দোলনের ঝাঁঝ। তা দমনের জন্য খড়্গহস্ত হয় নেপাল পুলিশ। জনতা-পুলিশ সংঘর্ষে মৃত্যু হয় বহু জনের। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে নেপালের পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, অভিজাত হোটেল থেকে শুরু করে নেতাদের বাড়ি অবধি। মার খেতে হয়েছে মন্ত্রীদের। পুড়িয়ে দেওয়া হয় বেশকিছু সংবাদমাধ্যমের অফিস। সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। শেষে কেপি শর্মা ওলির প্রধানমন্ত্রীত্ব ত্যাগের পর পরিস্থিতি শান্ত হতে শুরু করে। ‘জেন-জি’র দাবি মেনেই নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি-কে। আজ, রবিবার তিনি সেই দায়িত্বভার গ্রহণ করেই একগুচ্ছ ঘোষণা করেছেন।

Advertisement

সুশীলা জানিয়েছেন, ‘সরকার বিরোধী আন্দোলনে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের ‘শহিদের’ মর্যাদা দেওয়া হবে। যাঁরা ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হবে। আমি এবং আমার দল এখানে ক্ষমতার স্বাদ নিতে আসিনি। আমরা ছ’মাসের বেশি পদে থাকব না। নতুন পার্লামেন্টকে দায়িত্ব দিয়ে দেব। আপনাদের সমর্থন ছাড়া থাকব না। নেপালকে আবার গড়ে তোলার জন্য সমস্ত অংশীদারের এগিয়ে আসা উচিত। আমরা হাল ছাড়ব না। আমাদের দেশকে পুনরুদ্ধার করতে একসঙ্গে কাজ করব।’ একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন ‘শহিদ’দের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এদিনই সুশীলা কারকির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা গঠন করা হবে। যাঁরা আগামী কয়েকমাস নেপালের শাসনভার সামলাবেন। আগামী বছরের ৫ মার্চ ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রে সাধারণ নির্বাচন হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ