নয়াদিল্লি: কয়েকদিন আগেই বাগদান সম্পন্ন হয়েছিল। দু’মাস পর ছিল বিয়ে। তার আগেই মৃত্যু হল ভারতীয় নাবিক অখিল জোয়ানের। ইউক্রেনের উপকূলে রাশিয়া যে পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছিল, সেই জাহাজেই ছিলেন তিনি। সোমবার সন্ধ্যায় ইমেল মারফত ছেলের মৃত্যুর খবর পান অখিলের বাবা-মা। মৃত্যুর খবর জানাজানি হতেই গ্রামে শোকের ছায়া নেমে আসে।
কেরলের কাসারগড় জেলার ভেলারিকুণ্ডুর বাসিন্দা ছিলেন অখিল। গত ছ’বছর ধরে মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন তিনি। অখিলের বাবা বৈদ্যুতিন সরঞ্জামের দোকানে কাজ করেন। মা বিমা সংস্থার এজেন্ট। অত্যন্ত সাধারণ পরিবার। অখিলের আয়ের উপরেই মূলত নির্ভরশীল ছিল পরিবার। স্থানীয় সূত্রে খবর, তিনমাস আগে বাড়ি এসেছিলেন অখিল। সেই সময় তাঁর বাগদান হয়। পাত্রী আলাপ্পুঝা জেলার বাসিন্দা। দু’মাস পরে বিয়ে হওয়ার কথা ছিল। শোভি জোসেফ নামে গ্রামের এক স্থানীয় নেতা বলেন, ‘অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ছিল অখিল। মাত্র ১৯ বছর বয়সে মার্চেন্ট নেভিতে যোগদান করে অখিল। গোটা পরিবার ওঁর উপরেই নির্ভর করত। অখিল যখন ছুটিতে এসেছিল তখন ওঁর সঙ্গে কথা হয়। জানিয়েছিল, নতুন চাকরি খুঁজছে। একমাস আগেই ফের কাজে যোগ দিয়েছিল।’