Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাঁসিদেওয়ার চা বাগানে উদ্ধার নেপালের নীলগাই

ফাঁসিদেওয়ার চা বাগানে উদ্ধার নেপালের নীলগাই
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: নেপালের জঙ্গলে আগুন লেগেছে। তাই সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসছে বন্যজন্তুরা! সোমবার ফাঁসিদেওয়ার মতিধর চা বাগানে একটি নীলগাই উদ্ধার হয়। নীলগাইটি নেপাল থেকে এসেছে, এমনটাই দাবি করেছে বনদপ্তর। তাদের আরও দাবি, সীমান্ত এলাকার জঙ্গলে হরিণ, বন্যশূকরের সংখ্যা গত কয়েকদিনে বেড়েছে। ওই প্রাণীদের যাতে কেউ বিরক্ত না করে সেই চেষ্টা করছেন বনকর্মীরা। 

Advertisement

এদিন বাগানের বালাসন ডিভিশনের ২ নম্বর সেকশনে পূর্ণবয়স্ক একটি নীলগাই ঘোরাফেরা করতে দেখে চাঞ্চল্য ছড়ায়। প্রাণীটিকে দেখতে শ্রমিকরা সহ আশপাশের গ্রামের লোকজনও চলে আসে। খবর পেয়ে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নীলগাইকে ধরতে অভিযানে নামে। পরে টুকরিয়াঝার রেঞ্জ ও টাইপু স্কোয়াডের বনকর্মীরাও যোগ দেন। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে বাগানের নালায় জাল ফেলে প্রাণীটিকে বন্দি করেন বনকর্মীরা। 
বনবিভাগ জানিয়েছে, স্ত্রী নীলগাইটির বয়স অনুমানিক চার বছর। ঘোষপুকুরের রেঞ্জার প্রমিত লাল বলেন, নীলগাইটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পর্যবেক্ষণে রেখে পরবর্তীতে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সম্প্রতি নেপালের কয়েকটি বনাঞ্চলে আগুন লাগছে। এতে সেখানকার বন্যজন্তুরা নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক ওদিক যাচ্ছে। ভারতেও চলে আসছে। নীলগাইটি চা বাগানে ঢুকে পড়েছিল। আমরা উদ্ধার করেছি। এলাকায় আরও নীলগাই আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। 
প্রসঙ্গত, ৯ মার্চ মতিধর চা বাগানেরই ১২ নম্বর সেকশন খাঁচাবন্দি হয়েছিল একটি চিতাবাঘ। ২৮ মার্চ সংশ্লিষ্ট চা বাগানের ১৩ নম্বর সেকশনের শেড ট্রি’র মগ ডালে দু’টি চিতাবাঘের লড়াই করার ভিডিও ভাইরাল হয়েছিল। নকশালবাড়ির ভারত-নেপাল সীমান্ত কলাবাড়ি বনাঞ্চলে আগেও নেপাল থেকে বাইসন, গন্ডার, বার্কিং ডিয়ারের মতো একাধিক বন্যজন্তু প্রবেশ করেছিল। এখন ভুট্টার মরশুম। প্রায় ৩৫টি হাতির দল কলাবাড়ি বনাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। বনদপ্তর স্থানীয় চাষিদের ফসল বাঁচাতে সবরকম চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে। -নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ