সংবাদদাতা, হলদিয়া: হলদিয়া বন্দরের উপর নতুন করে বাণিজ্যিক আস্থা বাড়ছে নেপালের। হলদিয়া বন্দরের মাধ্যমে নেপালে বিভিন্ন ধরনের পণ্য চলাচল বাড়তে শুরু করেছে। আগামীতে সেই পণ্য পরিবহণ কয়েকগুণ বাড়বে বলে বন্দর কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছে নেপালের বাণিজ্য মন্ত্রক। শুক্রবার নেপালের বাণিজ্য মন্ত্রকের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল হলদিয়া বন্দর ঘুরে দেখার পর ওই আশ্বাস দেন। নেপালের বাণিজ্য মন্ত্রকের সচিব গোবিন্দ বাহাদুর কার্কের নেতৃত্বে এদিন ১০ সদস্যের এক প্রতিনিধি দল হলদিয়া ঘুরে দেখেন। গত বছর ৯ আগস্ট হলদিয়া এসেছিলেন নেপালের শিল্প ও বাণিজ্য মন্ত্রী দামোদর ভাণ্ডারীর নেতৃত্বে ১৪ জনের এক প্রতিনিধি দল। আট মাসের মাথায় ফের নেপালের ওই শক্তিশালী টিমের হলদিয়া পরিদর্শন বন্দর বাণিজ্যের দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। ৬ মার্চ ওই প্রতিনিধি দল কলকাতা পৌঁছয়। ওইদিন তারা কলকাতা বন্দর ঘুরে দেখে।
এরপর এদিন সকালে ওই দলটি হলদিয়া এসে পৌঁছয়। নেপালের বাণিজ্য সচিব ছাড়াও ছিলেন নেপালের কলকাতাস্থ কনসাল জেনারেল ঝাক্কা প্রসাদ আচারিয়া, যুগ্ম বাণিজ্য সচিব বিপিন আচারিয়া সহ ১০ জনের টিম। হলদিয়া বন্দর ও সংলগ্ন হুগলি নদীর উপর ইনল্যান্ড ওয়াটার ওয়েজের টার্মিনাল জেটি ঘুরে দেখেন তাঁরা। এরপর নেপালের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন বন্দর কর্তারা। হলদিয়া বন্দরের পক্ষে ছিলেন জেনারেল ম্যানেজার (প্রশাসন) প্রবীণকুমার দাস ও অন্যান্য আধিকারিকরা। নেপালের চারপাশ ভূখণ্ডে ঘেরা বলে আমদানি-রপ্তানি ব্যবসা মূলত হলদিয়া বন্দরের উপর নির্ভরশীল। এজন্য হলদিয়া বন্দরে পণ্য ওঠানামার অংশ ‘নেপাল কার্গো’ বলে পরিচিত। বন্দর সূত্রে জানা গিয়েছে, নেপালের প্রতিনিধিরা পণ্য সংক্রান্ত আলোচনার জন্য প্রতিবছরই হলদিয়া আসেন। এবার তারা আট মাসের ব্যবধানে আসার অর্থ বন্দরকে বাড়তি গুরুত্ব দিচ্ছে।
এদিন দু’পক্ষের মধ্যে কয়েকটি বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান বন্দরের এক আধিকারিক। হলদিয়া বন্দরের মাধ্যমে নেপাল কন্টেনার কার্গো, ভোজ্য তেল এবং কয়লার মতো ড্রাই বাল্ক কার্গো আমদানি করে। নেপালের সিমেন্ট প্ল্যান্টের জন্য কয়লা নিয়ে যায় ওরা। তবে কয়েক বছর আগে নেপাল অন্ধ্রের বিশাখাপত্তনম বন্দর মারফত কন্টেনার পণ্য আমদানি রপ্তানি বেশি করছিল। হলদিয়া বন্দর কর্তৃপক্ষের দাবি, তারা বিশেষ উদ্যোগ নেওয়ার পর ফের হলদিয়ায় নেপালের ব্যবসা ফিরে এসেছে। বন্দরের জেনারেল ম্যানেজার (প্রশাসন) প্রবীণকুমার দাস বলেন, নেপালের পণ্য পরিবহণ কমে ৯ লক্ষ টনে নেমে গিয়েছিল। সেই পণ্য পরিবহণ কয়েক লক্ষ টন বেড়েছে। এখন নেপাল হলদিয়ার মাধ্যমে বছরে ১২ লক্ষ টন পণ্য আমদানি করছে। বিদেশি কয়লার দাম বেড়ে যাওয়ায় ওরা আমদানি কমিয়েছে। তবে ভোজ্য তেল আমদানি ৬০ শতাংশ বেড়েছে। নেপালের বাণিজ্য মন্ত্রক হলদিয়া বন্দরের পণ্য রাখার জন্য রেলপথ লাগোয়া আরও জমি চেয়েছে।