কাঠমাণ্ডু ৫ অক্টোবর: ৪০ দিন ধরে ধ্বংসস্তূপ, কাদামাটি আর নদী স্রোতের মধ্যে চলেছে নিখোঁজদের সন্ধান। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই ক্ষীণ হয়েছে জীবিত কাউকে উদ্ধারের আশা। শেষ পর্যন্ত ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ঘটনায় নিখোঁজদের সন্ধানে আনুষ্ঠানিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিল নেপাল সরকার। নেপালের বিপর্যস্ত জনপদকে ফের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার দিকেই এখন নজর নেপাল সরকারের।
প্রশাসনের হিসাব অনুযায়ী ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত ১,৪৫৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫,২৮৫ জন। নিখোঁজদের তালিকায় ১৮৯ জন ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানা গিয়েছে। সম্প্রতি কাঠমাণ্ডুতে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর নেতৃত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তল্লাশি ও উদ্ধার অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এবার উদ্ধারকার্যের পরিবর্তে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির পুনর্গঠন ও পুনর্বাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথোরিটি (এনডিআরআরএমএ) এবং বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনকারী বিভিন্ন দলের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, ব্যাপক তল্লাশি চালানোর পরও নতুন করে নিখোঁজদের সন্ধান পাওয়ার সম্ভাবনা বর্তমানে অত্যন্ত কম।