সংবাদদাতা, শান্তিনিকেতন: সোমবার শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা শুরু হল। যানজট মোকাবিলা করাই পুলিসের বড় চ্যালেঞ্জ। সেকারণে বিভিন্ন জায়গায় ব্যারিকেড, ড্রপগেট ও নো-এন্ট্রি করা হয়েছে। রবিবার নো এন্ট্রি না মানায় ৪৫টি টোটো আটক করা হয়। সেগুলি সহ প্রচুর টোটোকে বেআইনিভাবে চলাচলের জন্য ৪৫০টাকা করে জরিমানা করা হয়। একইভাবে সোমবারও বোলপুর ট্রাফিক পুলিসের তরফে ধরপাকড় চলে। টোটোচালকদের দাবি, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেওয়ায় তারা ঠিকমতো যাত্রী পাচ্ছে না। শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে ঐতিহ্যবাহী পৌষমেলা শুরু হয়েছে। আগামী শনিবার পর্যন্ত মেলা চলবে। পৌষমেলা দেখতে ইতিমধ্যেই ভিড় করেছেন দূর -দূরান্তের পর্যটকরা। শহরে যানজট রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে বীরভূম জেলা প্রশাসন ও পুলিস। বাইরে থেকে আসা চারচাকা গাড়ি বিভিন্ন ফাঁকা জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শান্তিনিকেতনের বিভিন্ন রাস্তায় নো-এন্ট্রি করে টোটোর অবাধ যাতায়াত বন্ধ করা হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, রোজ শহরে প্রায় ১০হাজার টোটো যাতায়াত করে। মেলার সময় সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পেয়েছে। তাই টোটো চলাচল নিয়ন্ত্রণ না করলে মেলার সময় শহর পুরো স্তব্ধ হয়ে যেতে পারে। সেকারণে বিভিন্ন জায়গায় নো-এন্ট্রি করা হয়েছে। কিন্তু সেই নিয়ম ভাঙায় দু’দিনে ৭০টির বেশি টোটো আটক ও জরিমানা করা হয়েছে। মেলার দিনগুলিতে একইভাবে এই নিয়ম কার্যকর থাকবে। পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ বলেন, পুলিস-প্রশাসন, পুরসভা একসঙ্গে বৈঠক করে মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নানা সিদ্ধান্ত হয়েছে। সেইমতো ব্যবস্থা নেওয়া হবে।



