সংবাদদাতা, কাটোয়া: স্ত্রীকে অন্য যুবক সিঁদুর পরিয়ে বিয়ে করার পরেই আউশগ্রামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ায়। মৃতের নাম উৎপল কর্মকার(৩৬)। মঙ্গলবার সকালে দারিয়াপুর গ্রামের ডোকরাপাড়ায় ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ, ওই প্রতিবেশী যুবক উৎপলের স্ত্রীকে সিঁদুর পরিয়ে বিয়ে করে। ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা থানার দ্বারস্থ হন। কিন্তু, পুলিস বিষয়টি এড়িয়ে যায়। এরপরেই উৎপল আত্মহত্যা করেন। এদিন পুলিস দেহ উদ্ধার করতে এলে ক্ষিপ্ত হয়ে যান গ্রামের বাসিন্দারা। তাঁরা পুলিসের গাড়ি লক্ষ্য করে লাঠি হাতে তাড়া করেন। এমনকী, লরি ভর্তি করে গুসকরা ফাঁড়ি ঘেরাও করতে যাচ্ছিলেন বাসিন্দারা। যদিও বিশাল পুলিস বাহিনী তাদের আটকে দেয়।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম-১ ব্লকের বাসিন্দা উৎপলের দুই সন্তান রয়েছে। যদিও তাঁর স্ত্রী এক প্রতিবেশী যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সোমবার রাতে উৎপল বাড়িতে ছিল না। সেই সুযোগে তাঁর স্ত্রীকে প্রতিবেশী ওই যুবক সিঁদুর পরিয়ে বিয়ে করে। তারপরেই এদিন সকালে বাড়িতেই উৎপলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিস দেহ উদ্ধার করতে গ্রামে যায়। তারপরেই বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসীদের অভিযোগ, স্ত্রীর বিয়ে মেনে না নিতে পেরেই উৎপল আত্মঘাতী হয়েছে। পুলিসের কাছে দু’পক্ষকেই নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পুলিস কোনও সমাধান বের করতে পারেনি। তার জেরেই এই ঘটনা। ঘটনার জেরে এদিন উত্তপ্ত হয়ে ওঠে গোটা দারিয়াপুর গ্রাম। বাসিন্দারা মৃতের স্ত্রী ও প্রতিবেশী যুবককে আটকে রাখেন। তাঁদের উদ্ধার করতে পুলিসকে হিমশিম খেতে হয়। আউশগ্রাম থানার এক আধিকারিক বলেন, দু’পক্ষ থানায় এসেছিল। দু’জনেই প্রাপ্তবয়ষ্ক। তাই পুলিস তাদের নিয়ে কেন মন্তব্য করবে। আমরা বলেছি, অভিযোগ থাকলে থানায় জানাতে হবে।
আউশগ্রামে পুলিসের গাড়ি তাড়া করছেন উত্তেজিত জনতা।-নিজস্ব চিত্র