সংবাদদাতা, ডোমকল: বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে চলছিল দু’পক্ষের ঝামেলা। বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় অহেতুক বাড়ির সামনে ঝামেলা না করার কথা বলতে গিয়েছিল দুই প্রতিবেশী। অভিযোগ, ওই ঝামেলা থামাতে গিয়েই প্রতিবেশীদের ধারালো অস্ত্রের কোপে হাতি থেকে কব্জি আলাদা হয়ে গেল এক প্রতিবেশীর। ঘটনায় জখম হয়েছে আরও একজন। তাঁরা দু’জনেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। রবিবার সকালে ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ডোমকলের বাজিতপুর মালিথাপাড়ায়। এই ঘটনার পর বেশ কয়েকজনকে আটক করেছে পুলিস।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মালিথাপাড়ায় এক বাড়িতে বিদ্যুৎ নিয়ে যাওয়ার জন্য খুঁটি বসানোর কাজ চলছিল। ওই সময় প্রতিবেশী আজাদ খান ও তার পরিবারের লোকজন তাতে বাধা দেয়। তাতেই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এদিকে তাহাজুল শেখ নামে এক প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেজন্য তিনি ও রাজেন শেখ নামের আরও একজন দু’পক্ষকে ওই সময় গণ্ডগোল করতে নিষেধ করেন। অভিযোগ, তাতে ক্ষিপ্ত হয়ে আজাদ খান ও তার বাড়ির লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাহাজুলের হাতে কোপ মারে। ধারালো অস্ত্রের কোপে তাঁর কব্জি হাত থেকে আলাদা হয়ে যায়। কোপানো হয় রাজেন শেখকেও। তাঁরা দু’জনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। এদিকে এই ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্তরা।
রাজেন সাহেবের দাদা সাদেক শেখ বলেন, ওই দিকের একটি পরিবারে বিদ্যুৎ সংযোগের জন্য খুঁটি বসানো নিয়ে আজাদদের সঙ্গে ঝামেলা চলছিল। রাজেন আর তাহাজুল ওদের গণ্ডগোল করতে নিষেধ করতে গিয়েছিল। আর তাতেই ধারালো অস্ত্র দিয়ে তাহাজুল ও রাজেনকে কোপ মারা হয়েছে। তাহাজুলের হাত থেকে কব্জি বাদ হয়ে গিয়েছে। রাজেনের অবস্থাও ভালো নয়। দু’জনেকেই বহরমপুরে রেফার করা হয়েছে। আমরা এর বিচার চাই। পুলিস জানিয়েছে, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।