সংবাদদাতা, উলুবেড়িয়া: পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের আভিযোগে প্রতিবেশীকে গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিস। বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আহত শিশুটি উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। উলুবেড়িয়া থানা এলাকার বাসিন্দা ওই শিশুর বাবা পেশায় জরি শিল্পী। কর্মসূত্রে তিনি বাইরে থাকেন। বাড়িতে শিশুটিকে নিয়ে মা একাই থাকেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে শিশুকন্যা বাড়ির সামনে খেলা করছিল। অভিযোগ, সেই সময় প্রতিবেশী শিশুটিকে নিজের ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে তার উপর শারীরিক নির্যাতন করে। পরে শিশুটি বাড়ি এসে মাকে সব কথা বলে। বিকেলে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিস ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি শিশুটিকে চিকিৎসার জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে পাঠায়।



