নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছে বিরোধীরা। ২ অক্টোবর (আগামী কাল, শুক্রবার) গান্ধীজির জন্মদিনের দিন সমস্ত বাম দল মিলে তাদের কর্মসূচি ঘোষণা করেছে। এই আবহে ফের কলকাতায় আসছেন সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্র সংগঠন আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। আগামী ৫ তারিখ সমস্ত বাম ছাত্র সংগঠনের ডাকে একটি কনভেনশনে তিনি যোগ দেবেন বলে খবর।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার আন্দোলনের সময় দিল্লির যন্তরমন্তরে অনশনে বসেন নেহা। তখন থেকেই দেশের রাজনীতিতে তিনি চর্চিত চরিত্র। গত ১১ আগস্ট তিনি কলকাতার রামমোহন লাইব্রেরিতে একটি কনভেনশনে যোগ দিয়েছিলেন। সেইসময় আইসা অভিযোগ করেছিল, নেহার অনুষ্ঠানের জন্য একাধিক সরকারি হল তাদেরকে প্রত্যাখ্যান করেছিল। পরবর্তীতে জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে দিল্লির পথে আন্দোলন করতে দেখা গিয়েছে নেহাকে। ২ অক্টোবর ফের যন্তরমন্তরে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তারপরেই সব ঠিকঠাক থাকলে ৫ অক্টোবর তিনি যাদবপুরে একটি কনভেনশনে যোগ দেবেন। সেখানে এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্যও উপস্থিত থাকবেন। এছাড়া অন্যান্য বাম ছাত্রসংগঠনের নেতারাও উপস্থিত থাকবেন। জাতীয় শিক্ষানীতি, এসআইআর ইস্যুতেই ওই কনভেনশন হবে। আইসার এক নেতৃত্বর কথায়, এরকম পরিস্থিতিতে আমরা সমস্ত বাম ছাত্র সংগঠন মিলে একত্রে এই অনুষ্ঠান করতে চাইছি। প্রকাশ্য কনভেনশনের প্রস্তাবও রয়েছে। যদিও তা এখনো নিশ্চিত নয়।
অন্যদিকে, জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সমস্ত বাম দল ২ অক্টোবর রানি রাসমণি রোডে সকাল ১১টায় সমাবেশের ডাক দিয়েছে। তারপর হবে নেতাজি মূর্তি থেকে গান্ধীজির মূর্তি পর্যন্ত মিছিল। সেদিনই বিকেলে বাইপাস লাগোয়া অজয়নগরে এসআরএফটিআইয়ের সংহতিতে শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সাংস্কৃতিক প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে।