ওয়ারশ: জুলিয়ান ওয়েবারকে দেখলেই কি স্নায়ুর চাপে পড়ছেন নীরজ চোপড়া? অনেকেরই উত্তর হ্যাঁ। দোহার পর পোল্যান্ডেও জার্মানির জ্যাভেলিন থ্রোয়ারের কাছে হার মানলেন তিনি। কয়েকদিন আগে কেরিয়ারের সর্বোচ্চ ৯০.২৩ মিটার বর্শা ছুড়েও খেতাব জিততে ব্যর্থ হন নীরজ। সবাইকে চমক দিয়ে ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ারকে টপকে যান জার্মানির জুলিয়েন ওয়েবার। অনেকেই আশা করেছিলেন, পোল্যান্ডে ওয়েবারকে বশ মানাবেন দু’বারের ওলিম্পিকস পদকজয়ী নীরজ। কিন্তু তা হয়নি। বরং শেষ হাসি হাসলেন সেই জার্মানই। প্রতিকূল আবহাওয়ার কারণে এদিন জ্যাভেলিন ছোড়া সহজ ছিল না। একাধিক ফাউল থ্রো ক্রমশ হতাশা বাড়ায়। শেষ পর্যন্ত ষষ্ঠবারের প্রচেষ্টায় ৮৪.১৪ মিটার জ্যাভেলিন থ্রো করেন নীরজ, যা তাঁর সেরা পারফরম্যান্সের ধারেকাছেও নয়। বরং নীরজের তুলনায় ওয়েবার (৮৬.১২ মিটার) ছিলেন বেশ চনমনে।



