নয়াদিল্লি: দোহা ডায়মন্ড লিগ নীরজ চোপড়ার কেরিয়ারে অন্যতম মাইলস্টোন। দু’বার ওলিম্পিকস পদক জিতলেও কখনও ৯০ মিটারের গণ্ডি টপকাতে পারেননি ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার। কিন্তু দোহায় নিজেকেই ছাপিয়ে যান নীরজ। ৯০.২৩ মিটার জ্যাভেলিন থ্রো এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের সর্বোচ্চ। তবে আপশোস, ডায়মন্ড লিগে নীরজকে ছাপিয়ে যান জার্মানির জুলিয়ান ওয়েবার। ৯১.০৬ মিটার ছোড়েন তিনি। বদলা নেওয়ার সুযোগ অবশ্য শুক্রবারই পেয়ে যাচ্ছেন নীরজ। পোল্যান্ডের ওরলিন আন্তর্জাতিক মিটে ট্র্যাকে নামছেন তিনি। এখানেও অন্যতম চ্যালেঞ্জার জার্মানির সেই ওয়েবার। এছাড়া গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স তো রয়েইছেন। চেনা পরিবেশে পোলিশ প্রতিযোগীরাও আত্মবিশ্বাসে ভরপুর। সবমিলিয়ে নীরজের কাজটা মোটেও সহজ হবে না। আন্তর্জাতিক সার্কিটে অন্যতম নামী টুর্নামেন্ট এই ওরলিন মিট।



