Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

৯০ মিটার পেরিয়েও সোনা পেলেন না নীরজ

৯০ মিটার পেরিয়েও সোনা পেলেন না নীরজ
  • ১৭ মে, ২০২৫ ০৯:০৫
Prefer us on Google

দোহা: অবশেষে ৯০ মিটার পেরলেন নীরজ চোপড়া। শুক্রবার দোহা ডায়মন্ড লিগে কেরিয়ারে প্রথমবার তিনি ৯০ মিটারের ওপারে জ্যাভেলিন ছুড়লেন। এদিন তৃতীয় থ্রোতে নীরজ ছোড়েন ৯০.২৩ মিটার। তবে সেটা সোনা জেতার জন্য যথেষ্ট হল না। ওস্তাদের মার শেষ রাতের মতো নাটকীয়ভাবে শেষ থ্রোতে নীরজকে টপকে যান জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি ছোড়েন ৯১.০৬ মিটার। উল্লেখযোগ্য, এই প্রথমবার ওয়েবারও ৯০ মিটার টপকালেন। এর আগে তিনি কখনও এই দূরত্ব পার করেননি!
২০২৩ সালে দোহা ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ চোপড়া। গত বছর শেষ করেন দ্বিতীয় স্থানে। শুক্রবার রাতে কাতার স্পোর্টস ক্লাবের দিকে সেজন্যই নজর ছিল ভারতীয় ক্রীড়ামহলের। মরশুমে শুরুতে তারকা জ্যাভেলিন থ্রোয়ারের সাফল্যের জন্য দেশজুড়ে প্রার্থনায় সমর্থকরা। কিন্তু অল্পের জন্য সোনা এল না। এতদিন ২৭ বছর বয়সির সেরা থ্রো ছিল ৮৯.৯৪ মিটার। সেটা অবশ্য নেমে এল কেরিয়ারের দ্বিতীয় সেরায়। এদিন নীরজের প্রথম থ্রো ছিল ৮৮.৪৪ মিটারের। দ্বিতীয়টি ‘নো থ্রো’ হওয়ার পর তৃতীয় থ্রোয়ে ৯০ মিটার পেরিয়ে যান তিনি। তবে তাঁর অন্য কোনও থ্রো এই দূরত্বে আসেনি। চতুর্থ থ্রো (৮০.৫৬ মিটার) ও শেষ থ্রো (৮৮.২০ মিটার) প্রত্যাশাপূরণ করতে পারেনি। দ্বিতীয়টির মতো ‘নো থ্রো’ হয় পঞ্চমটিও। এদিকে ওয়েবার পঞ্চম থ্রো ৮৯.৮৪ মিটার ছোড়ার পর ষষ্ঠ তথা শেষ থ্রোতে (৯১.০৬ মিটার) পিছনে ফেলেন নীরজকে। 
২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার ছুড়েছিলেন নীরজ। তারপর থেকেই চলছিল জল্পনা, কবে ৯০ মিটার পেরবেন তিনি। সেই প্রতীক্ষার অবসান ঘটল এদিন। তৃতীয় এশিয়ান ও সার্বিকভাবে ২৫তম জ্যাভেলিন থ্রোয়ার হিসেবে নীরজ পেরিয়ে গেলেন ৯০ মিটারের গণ্ডি। তিনি বলেন, ‘খুব খুশি। তবে সোনা না জেতায় হতাশ। আরও দূরে ছুড়তে পারব বলে বিশ্বাস রয়েছে। এই মরশুমে আবার ৯০ মিটার প্লাস ছুড়ব।’ তবে হতাশ করলেন আর এক ভারতীয় কিশোর জেনা। এদিন তিনি ছোড়েন মাত্র ৭৮.৬০ মিটার।

Advertisement

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ