অনুশীলনে ফিরছেন নীরজ চোপড়া
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দু’মাস পর অনুশীলনে ফিরছেন নীরজ চোপড়া। গত আগস্টে অনুশীলনের সময় গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন তারকা জ্যাভেলিন থ্রোয়ার। তারপর বিশ্রামে ছিলেন তিনি। ফলে ডায়মন্ড লিগ ফাইনালের পাশাপাশি এশিয়ান গেমসেও অংশগ্রহণ করতে পারেননি ভারতের সোনার ছেলে। তবে শুক্রবার নীরজ জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে সপ্তাহ খানেকের মধ্যে অনুশীলন শুরু করবেন তিনি। আপাতত চলবে রিহ্যাবের প্রক্রিয়া। 

Advertisement

চলতি মরশুমে উল্লেখ্যযোগ্য সাফল্য আসেনি নীরজের। জুলাইয়ে কমনওয়েলথ গেমসে রুপো জয়ের পর লুসান ডায়মন্ড লিগেও দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি। এর পরেই অনুশীলনের সময় চোটের কবলে পড়েন তিনি। নীরজ জানিয়েছেন, প্রখ্যাত শল্যচিকিৎসক দীনেশ পারদিওলার পরামর্শ নিয়েছিলেন তারকা অ্যাথলিট। তিনি মাস দুই বিশ্রামে থাকার কথা জানান। তবে এবার ওলিম্পিকসে জোড়া পদক জয়ীকে অনুশীলনে ফেরার সবুজ সংকেত দিয়েছেন পারদিওলা। সেই মতো রিহ্যাব শুরু করতে চলেছেন নীরজ। ইতিমধ্যেই স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (সাই) দপ্তরে মেল করে সেই কথা জানিয়েছেন সোনার ছেলে। তাঁর মন্তব্য, ‘এখন আমি সুস্থ। গত কয়েকদিন হাঁটা চলায় বেশ অসুবিধা হচ্ছিল। তবে এখন আর ব্যথা নেই। এবার অনুমতি নিয়ে আমি রিহ্যাব শুরু করতে পারি।’