Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কড়িধ্যায় সংস্কারের অভাবে বেহাল প্রায় সাত কিলোমিটার রাস্তা, ক্ষোভ

কড়িধ্যায় সংস্কারের অভাবে বেহাল প্রায় সাত কিলোমিটার রাস্তা, ক্ষোভ
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি শহর লাগোয়া কড়িধ্যা পঞ্চায়েত এলাকায় বেহাল দশায় দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা। রাস্তার একাধিক জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে। অল্প বৃষ্টিতেই তাতে জল জমছে। রাস্তা দিয়ে চলা দায় হয়ে পড়েছে। এদিকে,জেলা পরিষদ কর্তৃপক্ষের দাবি, দ্রুত রাস্তা সংস্কারের কাজ করা হবে। তবে, বর্ষার আগেই রাস্তার কাজ শেষ হবে কি না, তা নিয়ে স্থানীয়দের মনে সংশয় রয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদ দোকান মোড়(লক্ষীন্দরপুর মোড়) থেকে লক্ষীন্দরপুর, গোবিন্দপুর হয়ে রাওতারা যাওয়ার প্রায় সাত কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। রাস্তার একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। বেশকিছু জায়গায় ছোট বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তার দু’টি বড় গর্ত বৃষ্টির জলে পূর্ণ হয়ে পুকুরের আকার নেয়। ওই গর্তগুলি এড়িয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষ ও গাড়ি চালকদের। সকলেই চাইছেন, বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হোক। নয়তো ভরা বর্ষায় ওই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে উঠবে।
সিউড়ি মহকুমার একাধিক রাস্তার হাল বেহাল। তবে সিউড়ি-রাজনগর সড়ক ছেড়ে কড়িধ্যা মদ দোকান মোড় থেকে রাওতারা যাওয়ার রাস্তার অবস্থা যথেষ্ট শোচনীয়। স্থানীয়দের কথায়, রাস্তার দু’ধারে উপযুক্ত নিকাশি ব্যবস্থা নেই। ফলে, রাস্তা তৈরি হওয়ার পর থেকেই বেহাল হতে শুরু করে। শুরুতেই সংস্কারের কাজ না হওয়ায় রাস্তাটি পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। একাধিক জায়গায় রাস্তার উপরের পিচের আস্তরণ উঠে গিয়ে পাথর বের হয়ে গিয়েছে। সেইসঙ্গে রাস্তার বিভিন্ন অংশ ক্রমশ খানাখন্দে ভরছে। খারাপ রাস্তা দিয়ে চলাচল করায় চারচাকা গাড়ি ও টোটোর যন্ত্রাংশ খারাপ হওয়ার ঘটনা ঘটছে। পাশাপাশি, লক্ষীন্দরপুর এলাকার স্থানীয় ব্যবসায়ীরা রাস্তার বেহাল অবস্থার জেরে খদ্দের হারানোর ভয় পাচ্ছেন। তাঁদের অভিযোগ, রাস্তা খারাপ থাকায় ভরা বর্ষায় ক্রেতারা আসতে চান না। ফলে ব্যবসায় যথেষ্ট ক্ষতি হচ্ছে। স্থানীয় বাসিন্দা আসিফ আনসারি বলেন, এই রাস্তায় চলাচল করা খুবই কষ্টকর। বছরের অন্যান্য সময় কোনওমতে চলাচল করা গেলেও বর্ষায় খুবই সমস্যায় পড়তে হয়। অপর এক বাসিন্দা বাবলু ঘোষ বলেন, প্রায় তিন বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। সংস্কারের কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না। আদৌ এই রাস্তা সংস্কার হবে কি না, জানি না। এই রাস্তাকে কেন্দ্র করে আমাদের সমস্যা বেড়েই চলেছে।
জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, ওই রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার হয়ে গিয়েছে। দ্রুত রাস্তার কাজ শুরু হবে। আশা করছি, বর্ষার আগেই রাস্তার কাজ শেষ করা যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ