Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীতে শিশুকন্যার দেহ খুনের অভিযোগে ধৃত বাবা

নদীতে শিশুকন্যার দেহ খুনের অভিযোগে ধৃত বাবা
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: তিন মাসের কন্যা সন্তানকে খুন করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিস। ধৃতের নাম জসাই মুর্মু। বাড়ি ঝাড়খণ্ডে। সে ধান কাটার কাজে মন্তেশ্বরে এসেছিল। ধৃতকে বৃহস্পতিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবছরও মন্তেশ্বর থানার পানবরেয়া গ্রামে ধান কাটার কাজে আসে ঝাড়খণ্ডের জসাই মুর্মু নামে এক যুবক। তার সঙ্গে আসে এক নাবালিকা। তাকে নিয়েই এলাকায় থাকছিল সে। এদিকে অন্য মেয়েকে নিয়ে স্বামী রয়েছে খবর পেয়ে তিন মাসের কন্যা সন্তান নিয়ে জসাইয়ের স্ত্রী রশমিরি হেমব্রম মন্তেশ্বরে হাজির হন। শুরু হয় স্বামীর সঙ্গে অশান্তি। বুধবার সকালে রশমিরিদেবী স্বামীর কাছে তিন মাসের কন্যা সন্তানকে রেখে বাইরে যান। কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখেন, মেয়ে নেই। তারপরেই তিনি চিৎকার শুরু করেন। এলাকার লোকেরা জসাইকে ধরে চাপ দিতেই সে জানায়, শিশুকন্যাকে মেরে খড়ি নদীতে ফেলে দিয়েছে। খবর পেয়ে পুলিস এসে অভিযুক্তকে আটক করে। নদীতে শিশুকন্যার খোঁজ শুরু করে। রাতে রশমিরি হেমব্রমের অভিযোগের ভিত্তিতে পুলিস খুনের মামলা রুজু করে জসাইকে গ্রেপ্তার করে। 
এছাড়াও নাবালিকাকে নিয়ে থাকার ঘটনায় তার বিরুদ্ধে পকসো মামলাও রুজু করা হয়। বৃহস্পতিবার দুপুরে নদী থেকে শিশুকন্যার দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিস। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, শিশুকন্যাকে খুন করার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ