Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীর ধারে পাওয়া খুলি কি বন্যায় নিখোঁজ বৃদ্ধের! জল্পনা ভরতপুরে

নদীর ধারে পাওয়া খুলি কি বন্যায় নিখোঁজ বৃদ্ধের! জল্পনা ভরতপুরে
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: ভরতপুর থানার আঙারপুরে উদ্ধার হওয়া মানুষের মাথার খুলি সাম্প্রতিক বন্যায় নিখোঁজ সিজগ্রামের বৃদ্ধের কিনা-তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ওই নিখোঁজ বৃদ্ধের পরিবারের সদস্যরাও উৎকণ্ঠায় রয়েছেন। তাঁর পরিবারের তরফে ওই মাথার খুলির ডিএনএ পরীক্ষার দাবিও তোলা হয়েছে। শনিবার দুপুরে আঙারপুর গ্রামের কাছে কূয়ে নদীর ধার থেকে পুলিস ওই খুলি উদ্ধার করেছিল। আর সেই জায়গা থেকে প্রায় ২০০ মিটার দূরে ওই বৃদ্ধ বন্যার জলে ভেসে গিয়েছিলেন।
Advertisement
আঙারপুর গ্রামে কুয়ে নদীর সেতুর কাছে একটি ইটভাটায় কাজ করতেন সিজগ্রামের বাসিন্দা পিয়ার শেখ(৬২)। ৪ সেপ্টেম্বর কুয়ে নদীতে জলস্ফীতি দেখা দেয়। গ্রামের পর গ্রাম নদীর জলে প্লাবিত হচ্ছিল। ওইদিন ইটভাটার কাজ সেরে বাড়ি ফেরার সময় পিয়ার শেখ নদীতে তলিয়ে যান। দু’দিন ধরে উদ্ধারকারী দল স্পিটবোট নিয়ে তল্লাশি চালিয়েও পিয়ার শেখের সন্ধান পায়নি। পরে এলাকার বাসিন্দারাও কয়েকদিন তল্লাশি চালিয়েছিলেন।
শনিবার দুপুরে আঙারপুর গ্রামের বেলতলা মাজারের কাছে একটি ধানজমির পাশে মানুষের মাথার খুলি উদ্ধার হয়। এরপরই এলাকায় জল্পনা ছড়িয়েছে। অনেকে এটি নিখোঁজ বৃদ্ধের খুলি বলে দাবি করলেও অনেকে তা মনে করছেন না।
আঙারপুর গ্রামের বাসিন্দা সুফল শেখ বলেন, বন্যায় যেখানে বৃদ্ধ নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে মাত্র ২০০ মিটার দূরেই খুলি উদ্ধার হয়েছে। ওই মাথার খুলি খুব একটা পুরনো নয় বলেও মনে হচ্ছে। মৃতের ছেলে ফজু শেখ বলেন, আমি খুলি উদ্ধারের জায়গায় গিয়েছিলাম। খুলিটিও দেখেছি। সেটা আমার বাবারও হতে পারে। তাই পুলিসের কাছে ওই মাথার খুলির ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছি। ওই বৃদ্ধের পরিবার কোনও ক্ষতিপূরণ পায়নি। ভরতপুর-১ ব্লক প্রশাসন জানিয়েছে, দেহ না মেলায় ক্ষতিপূরণ দেওয়া যায়নি। নিখোঁজ বৃদ্ধের স্ত্রী রসুলা বিবি বলেন, বন্যায় তলিয়ে যাওয়ার দিন স্বামী আমার থেকে ২০ টাকা নিয়ে বেরিয়েছিলেন। তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বলেছিলেন। তাঁর আর ফেরা হল না। ওই মাথার খুলির ডিএনএ পরীক্ষা করা হোক।
সম্পর্কিত সংবাদ