সংবাদদাতা, কালনা: নাদনঘাট থানার নওপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস সমথিত সদস্যরা। মঙ্গলবার জয়ের পর উচ্ছ্বাসে মাতেন জয়ী সদস্যরা। সমবায়ের পরিচালন কমিটির ৩০টি আসনের জন্য নির্বাচনে মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিন শাসক দলের সমর্থিত ৩০জন সদস্য মনোনয়ন জমা দিলেও বিরোধীদের দেখা পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই সমবায় নির্বাচনে জয়ী হয় তৃণমূল সমর্থিত ৩০জন সদস্য। এদিন সদস্যদের অভিনন্দন জানান এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজকুমার পাণ্ডে বলেন, নওপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি চাষিদের ভরসাস্থল। কৃষি ঋণ সহ কৃষি ক্ষেত্রে সরকারি ভর্তুকি চাষিদের সমবায়ের অ্যাকাউন্টে আসে। সেভিংসেও সাধারণ মানুষ উপকৃত হন। এদিন পরিচালন কমিটির নির্বাচনে ৩০টির সবকটি আসনে আমরা মনোনয়ন জমা দিলেও বিরোধীরা কেউ মনোনয়ন জমা দেয়নি।



