সংবাদদাতা, কালনা: মঙ্গলবার নাদনঘাট থানার বগপুর পঞ্চায়েতের মুড়াপাড়ায় নির্মীয়মাণ সংস্কৃতি চর্চা কেন্দ্র ও কমিউনিটি ভবন পরিদর্শন করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। ৩৭লক্ষ টাকা ব্যয়ে আদিবাসী সম্প্রদায়ের জন্য দ্বিতল সংস্কৃতি চর্চা কেন্দ্র ও কমিউনিটি ভবনের কাজ চলছে জোর কদমে। এদিন মুড়াপাড়ায় বীরসা মুণ্ডার মূর্তিতে মালা দেন মন্ত্রী। স্বপনবাবু বলেন, বগপুরের মুড়াপাড়া আদিবাসী অধ্যুষিত গ্রাম। তৃণমূল ক্ষমতায় আসার পর একসময় অনুন্নয়নের শিকার এই গ্রামের রাস্তা, পানীয় জল পৌঁছেছে। ঘরে ঘরে সরকারি প্রকল্প পৌঁছচ্ছে। এলাকার বাসিন্দাদের দাবি মেনে বীরসা মুণ্ডার মূর্তি স্থাপন করা হয়েছে। এলাকায় একটি সংস্কৃতি চর্চা কেন্দ্র ও কমিউনিটি ভবন নির্মাণের জন্য বাসিন্দারা দাবি জানিয়েছিলেন। বাসিন্দাদের দাবিকে সম্মান জানিয়ে ৩৭লক্ষ টাকা অনুমোদন হয়।



