Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটে নবান্ন উৎসব ঘিরে দু’পক্ষের মারমারি, জখম ৬

নাদনঘাটে নবান্ন উৎসব ঘিরে দু’পক্ষের মারমারি, জখম ৬
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: নবান্ন উৎসব ঘিরে নাদনঘাট থানার রায় দোগাছিয়া গ্রামে বুধবার দুই পক্ষের মারপিটে ছ’জন জখম হন। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। বাকিরা নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে ভর্তি। নাদনঘাট থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, নাদনঘাট থানার রায় দোগাছিয়া এলাকায় নবান্ন উৎসব চলছিল। বুধবার দুপুরের দিকে উৎসবের বাজনা নিয়ে দুই পক্ষের মধ্যে অশান্তি হয়। কয়েকজন জখম হন। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলেও রাত ১০টা নাগাদ এক পক্ষ উজ্বল ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে চড়াও হয়ে তাঁর পরিবারের লোকদের ধারালো অস্ত্র দিয়ে কোপায়। উভয় পক্ষের ছ’জন জখম হন। রক্তাক্ত অবস্থায় উজ্বল ঘোষ, প্রতাপ ঘোষ, ডালিম ঘোষকে নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 
হাসপাতালে চিকিৎসাধীন উজ্বল ঘোষ বলেন, নবান্ন উৎসবের বাজনা নিয়ে বুধবার দুপুরের দিকে গ্রামের কয়েকজনের সঙ্গে অশান্তি হয়। পরে মিটেও যায়। রাতে গ্রামের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে চড়াও হয়ে আমাদের সকলকে মারধর ও কোপাতে থাকে। মহিলারা বাধা দিতে গেলে তাদেরও মারধর ও শ্লীলতাহানি করা হয়। নাদনঘাট থানার এক পুলিস অফিসার বলেন, খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়েছিল। এখনও কোনও পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।   
সম্পর্কিত সংবাদ