সংবাদদাতা, কালনা: রবিবার নাদনঘাট থানার সুলন্টু তরুণ সঙ্ঘের মাঠে পূর্বস্থলী ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, প্রক্তন ক্রিকেটার তথা কোচ দেবেশ চক্রবর্তী, পূর্বস্থলী পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ। এছাড়াও এদিন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় কাটোয়া রোলেক্স টু পয়েন্ট জিরো বর্ধমান থান্ডার ওয়ারিয়ারকে ৩৩ রানে পরাজিত করে জয়লাভ করে। খেলা দেখতে মাঠে প্রচুর দর্শক হাজির ছিলেন।
Advertisement
স্বপনবাবু পূর্বস্থলী ক্রিকেট অ্যাকাডেমি নিয়ে উৎসাহিত হন। খেলার মাঠের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি কিছুদিনের মধ্যে মাঠের উন্নয়নে একটি রোলার দেবেন বলে আশ্বাস দেন। এছাড়াও এলাকার সাংসদ তহবিল থেকে উন্নয়নমূলক কিছু করা যায় কি না সেই বিষয়ে সাংসদের সঙ্গে কথা বলবেন বলে জানান। স্বপনবাবু বলেন, মোবাইলের আসক্তিতে ছাত্রযুবরা খেলাধুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের খেলার মাঠে আনতে হবে। পূর্বস্থলী ক্রিকেট অ্যাকাডেমির এই প্রয়াস তাদের মাঠে ফিরতে উৎসাহিত করবে। আজ খেলার মাধ্যমে চাকরি সহ আয়ের সুযোগ রয়েছে। আমরা উৎসবের সময় চাঁদা তুলে লক্ষ লক্ষ টাকা খরচ করি। আসুন সকলে মিলে খেলার উন্নয়নে শামিল হই।



