Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাট ইসলামপুর জনকল্যাণ সঙ্ঘের উদ্যোগে সংহতি ও লোকসংস্কৃতি উৎসব   

নাদনঘাট ইসলামপুর জনকল্যাণ সঙ্ঘের উদ্যোগে সংহতি ও লোকসংস্কৃতি উৎসব 
 
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: রবিবার নাদনঘাট ইসলামপুর জনকল্যাণ সঙ্ঘের ৩১তম সংহতি, লোকসংস্কৃতি উৎসবের সূচনা হল। ইসলামপুর চৌরঙ্গি মোড় সংহতি ময়দানে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, কাজি নজরুল ইসলামের নাতনি সোনালি কাজি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজকুমার পাণ্ডে সহ বিশিষ্টরা। এদিন আদিবাসী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ণাঢ্য উদ্বোধন হয়। ছ’দিনের এই উৎসব চলবে আগামী ১০জানুয়ারি পর্যন্ত। গ্রামীণ পরিবেশে প্রাচীন ক্লাবের এই অনুষ্ঠান এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। উৎসব ঘিরে বসেছে বিরাট মেলা।
Advertisement
তিন দশক আগে হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতি ভাদু, টুসু, যাত্রা প্রভৃতিকে মানুষের মধ্যে ফিরিয়ে দিতে ও সম্প্রীতির বার্তা দিতে এগিয়ে আসে জনকল্যাণ সঙ্ঘ। সংহতি ও লোকসংস্কৃতি উৎসব শুরু হয়। এবার তাদের উৎসব ৩১বছরে পা দিয়েছে। ছ’দিন ধরে দৌড়, লংজাম্প, ক্যুইজ, অঙ্কন, ক্যারাম, খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি কৃষিবলয় হওয়ায় কৃষি থেকে প্রাণিপালন নিয়ে আলোচনা হবে। সঙ্ঘের সভাপতি মহাসিন শেখ, সম্পাদক মহম্মদ আলি শেখ সহ সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে ক্লাবের উদ্যোগে সমাজসেবামূলক কাজ হচ্ছে। গ্রামের মানুষের বিপদে আপদে আমরা ঝাঁপিয়ে পড়ি। দীর্ঘদিনের এই উৎসব এলাকার ঐতিহ্য বহন করে চলেছে। মেলায় রকমারি দোকান ও খাবারের স্টল রয়েছে। মেলায় পেল্লাই সাইজের ১০০-১০০০ টাকা পিস মিষ্টিও বিক্রি হয়। মিষ্টি যেন এই উৎসবের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কোষাধ্যক্ষ মমিন নায়েক বলেন, সম্প্রীতির বার্তা ও প্রাচীন হারিয়ে যাওয়া লোকশিল্পকে মানুষের কাছে তুলে ধরতেই এই উৎসব। ক্লাব সদস্য, পঞ্চায়েত ও গ্রামের মানুষের সহযোগিতায় উৎসব আজ এলাকার ঐতিহ্যে পরিণত হয়েছে। উৎসবের কয়েকদিন কয়েক হাজার মানুষ উপস্থিত হন। মন্ত্রী বলেন, জনকল্যাণ সমিতি মানুষের পাশে দাঁড়ায়। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের সম্প্রীতির মেলবন্ধনে জনসেবা ও এই উৎসব এলাকার ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ