সংবাদদাতা, কালনা: শারীরিক অসুস্থতার কারণে গায়ে কেরোসিন ঢেলে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। মৃতার নাম নীলু গড়াই(৭৪)। বাড়ি নাদনঘাটে। মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত হয়।
Advertisement
মৃতার ছেলে পরেশ গড়াই বলেন, মা দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিল। সোমবার সকাল ৭টা নাগাদ বাথরুমে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। কোনও রকমে আগুন নিভিয়ে মাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করি। মঙ্গলবার ভোরে মা মারা যায়। আমাদের অনুমান রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতেই মা আত্মঘাতী হয়েছে।অন্যদিকে, মেলা থেকে ফেরার সময় কালনা-বৈঁচি রোডের নেপাকুলি এলাকায় মোটরভ্যান উল্টে মৃত্যু হল এক ফুচকা বিক্রেতার। মৃতের নাম আনন্দ মাঝি(৪৮)। বাড়ি কালনা থানার আশ্রমপাড়ায়।মৃতের দাদা নীলমণি মাঝি বলেন, ভাই মেলায় মেলায় ফুচকা বিক্রি করত। শুক্রবার রাতে মেলায় ফুচকা বিক্রি করে একটি মোটরভ্যানে চেপে বাড়ি ফিরছিল। নেপাকুলির কাছে মোটরভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। এরপর অবস্থার অবনতি হলে কলকাতায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার বাড়ি ফিরিয়ে আনলে অবস্থার ফের অবনতি হয়। সন্ধ্যায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।



