Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু তিন যুবকের, জখম এক

নাদনঘাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু তিন যুবকের, জখম এক
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: বৃহস্পতিবার রাতে নাদনঘাট থানার তুলসীডাঙা এসটিকেকে রোড এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল তিন যুবকের। মৃতরা হলেন, কুশল দাস (১৯), বিভাস কর্মকার (২৩), সমীর মণ্ডল (১৯)। প্রথম দু’ জনের বাড়ি নদীয়া জেলার নবদ্বীপে ও তৃতীয় জনের বাড়ি নাদনঘাট নিচু চাঁপাহাটি। সে আইটিআইয়ের ছাত্র ছিল। শুক্রবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তর পর পুলিস মৃতদেহ তিন পরিবারের হাতে দেহ তুলে দেয়। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ প্রফুল্লনগর এলাকার বাসিন্দা কুশল দাস ও বিভাস কর্মকার একটি বাইকে পূর্বস্থলী-১ ব্লকের বাঁশদহ ও চাঁদের বিলে খাল বিল উৎসব দেখে বাড়ি ফিরছিলেন। পথে এসটিকেকে রোডের তুলসীডাঙা এলাকায় উল্টো দিক থেকে আর একটি বাইকে থাকা সমীর মণ্ডল ও বিক্রম বিশ্বাসের সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হয়। চারজনই রাস্তায় ছিটকে পড়েন। পুলিস তাঁদের উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক কুশল বিশ্বাস ও বিভাস কর্মকার ও সমীর মণ্ডলকে মৃত বলে জানান। বিক্রমকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতির কারণেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মৃতদের কারও মাথায় হেলমেট ছিল না।
উল্লেখ্য, কালীপুজোর রাতে নাদনঘাট থানার এসটিকেকে রোডের গৌরাঙ্গপাড়া এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় চারজনের। এরপর রাস উৎসবের রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় দু’ জনের। পুলিস প্রশাসন থেকে এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ একাধিক দিন বাইক চালকদের ধরে সচেতন করেন। তথাপি, বাইক চালকদের চেতনা ফিরছে না। 
এলাকার বাসিন্দা জেলা পরিষদের সদস্য অপর্ণা মুন্সি বলেন, মর্মান্তিক মৃত্যুতে সমবেদনার জানানোর ভাষা নেই। দুর্ঘটনা রোধে এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ ও পুলিস প্রশাসন যানবাহন চালকদের সচেতন করছে। রাস্তায় রাস্তায় গতি নিয়ন্ত্রণে হাম্প বসানো হয়েছে। তথাপি হুঁশ ফিরছে না বাইক চালকদের। 
কালনা এসডিপিও রাকেশকুমার চৌধুরী বলেন, পথ দুর্ঘটনা এড়াতে পুলিস এসটিকেকে রোড সহ লিঙ্ক রোডগুলিতে সচেতনতা প্রচার করছে। দ্রুতগতির যান ও মদ্যপ চালকদের ধরপাকড় চলছে। বাইক চালকরা হেলমেট পরলে ও গতি নিয়ন্ত্রণে সচেতন হলেই দুর্ঘটনা এড়ানো যাবে।  
সম্পর্কিত সংবাদ