Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটে বাইক দুর্ঘটনায় মৃত ২

নাদনঘাটে বাইক দুর্ঘটনায় মৃত ২
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালীপুজোর রাতের স্মৃতি যেন ফিরল রাসে। শনিবার রাতে নাদনঘাট থানার শ্রীরামপুর পঞ্চায়েতের সামনে এসটিকেকে রোডে বাইক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হল। মৃতদের নাম প্রসেনজিৎ দেবনাথ (৩২) ও তাপস বিশ্বাস(২৯)। বাড়ি মধ্যশ্রীরামপুরে। ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার শোকার্ত পরিবারকে সমবেদনা জানান এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন কালনা মহকুমা হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মৃতদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করেন। জানা গিয়েছে, শনিবার পূর্বস্থলী-১ ব্লকের শ্রীরামপুর সহ জাহান্নগর, সমুদ্রগড় প্রভৃতি অঞ্চলে চলছিল রাস উৎসবের উন্মাদনা। শ্রীরামপুর এসটিকেকে রোড সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি রাস পুজো হয়। পুজোয় ভিড় সামাল দিতে এবং এসটিকেকে রোডে যানবাহনের গতি নিয়ন্ত্রণে শ্রীরামপুর পঞ্চায়েত অফিসের সামনে ও বেশ কয়েক জায়গায় গার্ডরেল বসিয়েছিল পুলিস। শনিবার রাত ১১টা নাগাদ বাইকে চেপে দুই বন্ধু প্রসেনজিৎ ও তাপস দ্রুত গতিতে আসছিলেন। বাইকটি গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে। দু’জনেই ছিটকে পড়ে গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, কালীপুজোর রাতে নাদনঘাট থানার গৌরাঙ্গপাড়া এলাকায় এসটিকেকে রোডে গতির বলি হয় চার বাইক আরোহী। ঘটনার পর মৃতদের পরিবারকে নিয়ে সচেতনতার প্রচারে নামেন মন্ত্রী স্বপনবাবু। ধারাবাহিকভাবে বিদ্যানগর থেকে উত্তর শ্রীরামপুর, নাদনঘাট মোড়, সমুদ্রগড় বাজার সহ কয়েক জায়গায় মাইক নিয়ে সচেতনতার প্রচার চালান। এসটিকেকে রোড সহ কালনা মহকুমাজুড়ে বিভিন্ন রাস্তায় হাম্প বসানো হয়। তারপরেও দ্রুত গতির যান চলাচল আটকানো যাচ্ছে না। শনিবার রাতে ফের দুর্ঘটনায় দু’জনের প্রাণ গেল।
Advertisement
সম্পর্কিত সংবাদ