Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীয়ায় নাবালিকাকে নৃশংস খুন

নদীয়ায় নাবালিকাকে নৃশংস খুন
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল ভীমপুর থানার নারায়ণপুর এলাকার এক নাবালিকা। সে নবম শ্রেণির ছাত্রী। অনেক খোঁজাখুঁজির পর তার হদিশ মিলছিল না। শেষে পুলিসের দ্বারস্থ হয়েছিলেন তার বাড়ির লোকজন। সেই সঙ্গে সন্দেহভাজন হিসেবে স্থানীয় যুবক ফারুক মণ্ডল নাম পুলিসকে জানান তাঁরা। শনিবার রাতে ফারুককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই পর্দা ফাঁস। রবিবার দুপুরে এলাকারই খালপাড়ে একটি জায়গা খুঁড়ে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিস। প্রাথমিক তদন্তে উঠে আসছে, ওই ছাত্রীর সঙ্গে ফারুকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই প্রেমিকাকে খুন করে ফারুক। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহ খালপাড়ে পুঁতে দেয় সে। ছাত্রীর পরিবারের অভিযোগ, ফারুক ও তার বন্ধুরা অপহরণ করার পর তাদের মেয়েকে খুন করেছে। পুলিস সূত্রের খবর, ওই ছাত্রীর দেহের নিম্নাঙ্গে কোনও বস্ত্র ছিল না। ফলে, খুন করার আগে তাকে যৌন নির্যাতন করা হয়েছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিস। এদিন বিকেলে দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রেমিক ফারুককে গ্রেপ্তার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বিচারক তাকে পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। কৃষ্ণনগর পুলিস জেলার ডিএসপি শিল্পী পাল বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। সেই মতো মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ