নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর ও সংবাদদাতা, নবদ্বীপ: জেলাজুড়ে শিব চতুর্দশীতে মাতল নদীয়াবাসী। এদিন জেলার বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। গঙ্গার ঘাটেও ভিড় ছিল চোখে পড়ার মতো। নাকাশিপাড়া ও নবদ্বীপের বিভিন্ন ঘাট তারমধ্যে উল্লেখযোগ্য। কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাসে এশিয়ার অন্যতম বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে। সকাল থেকেই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। ভিড় সামলাতে পুলিসকেও হিমশিম খেতে হয়। শিবনিবাসে শিবের মাথায় জল ঢালতে এসেছিলেন অর্চনা বিশ্বাস। তিনি বলেন, ‘আমার বাড়ি ভীমপুরে। প্রতিবছরই শিবরাত্রির দিন এখানে আসি। অন্যবারের তুলনায় এবারে ভিড় বেশি।’ নাকাশিপাড়ার পাটুলিঘাটেও এদিন গঙ্গাস্নান করতে বহু মানুষ ভিড় করেছিল।
Advertisement
বুধবার শিব চতুর্দশী উপলক্ষ্যে নবদ্বীপের বিভিন্ন শিব মন্দিরে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। সকাল থেকে উপবাস, গঙ্গাস্নান সেরে ভক্তরা শহরের শিব মন্দিরগুলিতে হাজির হন। পাশাপাশি, এদিন নদীয়ার নানা প্রান্ত ও পাশের জেলা পূর্ব বর্ধমান থেকেও বিভিন্ন বয়সের পুণ্যার্থীরা আসেন। তাঁরা দুধ-গঙ্গাজল, ফুল, বেলপাতা ও মিষ্টি নিয়ে বিভিন্ন মন্দিরে পুজো দেন। এদিন পাঁচশো বছরের প্রাচীন নবদ্বীপের বুড়োশিব, ঐতিহ্যবাহী যোগনাথ শিব, চারিচারা বাজারের বালকনাথ শিব, দেয়ারাপাড়ার আলোকনাথ শিব, দণ্ডপাণি শিব, বাণেশ্বর শিব, পোড়ামাতলার ভবতারণ শিব সহ বিভিন্ন শিবমন্দিরগুলিতে সকাল থেকে পুজো দেওয়ার দীর্ঘ লাইন দেখা যায়।



