নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বুধবার নদীয়া জেলাজুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন জেলাশাসক সহ প্রশাসনের আধিকারিকরা। প্রত্যন্ত এলাকায় বিভিন্ন আইসিডিএস সেন্টারে কোথায় কী সমস্যা রয়েছে তা সরেজমিনে গিয়ে খতিয়ে দেখেন তাঁরা। জেলার আইসিডিএস সেন্টারগুলির বেহাল দশা বলে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। কোথাও সেন্টারের নির্দিষ্ট ঘর নেই। আবার কোথাও রান্নার পর্যাপ্ত সামগ্রী নেই। রান্নার জন্য আইসিডিএস কর্মীরাও নিয়মিত আসেন না অনেক জায়গায়। জেলাশাসক ছাড়াও মহকুমা শাসক, ব্লক প্রশাসনের আধিকারিকরা আইসিডিএস সেন্টার ভিজিটে যান। চাপড়া, কালীগঞ্জ, করিমপুর, রানাঘাট সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের আধিকারিকরা আইসিডিএস সেন্টার ভিজিট করেন। জেলাশাসক এস অরুণ প্রসাদ কৃষ্ণগঞ্জ ব্লকে যান। সেখানকার চৌগাছা কুটিরপাড়া প্রাইমারি স্কুল, কুমারপুর প্রাইমারি স্কুলে চলা আইসিডিএস সেন্টার ভিজিট করেন। সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক শারদ্বতী চৌধুরী। জেলাশাসক বলেন, বেশকিছু জায়গায় রান্নার গ্যাসের ঘাটতি রয়েছে। সেখানে দ্রুত রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।



