নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদীয়া জেলা পরিষদ ১৮৫কোটি টাকার বাজেট পেশ করল। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য সেই বাজেট প্রস্তুত করা হয়েছে। শুক্রবার জেলা পরিষদের সভাকক্ষে বাজেট পেশ করা হয়। সেখানে জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ ও সদস্যদের পাশাপাশি আধিকারিকরা উপস্থিত ছিলেন। পূর্ত, জনস্বাস্থ্য খাতে বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই পূর্ত খাতে সর্বাধিক টাকা বরাদ্দ হয়েছে। জেলা পরিষদ জানিয়েছে, যে টাকা বাজেটে ধরা হয়েছে, তার তুলনায় আনুমানিক খরচ অনেকটা কম। অর্থাৎ বাজেটের মোটা টাকা উদ্বৃত্ত থেকে যাবে। ওই টাকা উন্নয়নের কাজেই ব্যবহার করা হবে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, বিভিন্ন দপ্তরে প্রায় ১৮৫কোটি টাকার কাজ হবে। উন্নয়নমূলক কাজ তাড়াতাড়ি বাস্তবায়নে আমরা জোর দিচ্ছি। রাস্তা, পথবাতির পাশাপাশি সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে প্রকল্পে অভিনবত্ব রাখার চেষ্টা হচ্ছে। জেলা পরিষদ সূত্রে খবর, বাজেটে ১৮৪ কোটি ১৭ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে ১৮০ কোটি ৯৭ লক্ষ ৫০ হাজার টাকা খরচ ধরা হয়েছে। অর্থাৎ, ২০২৫-২৬ অর্থবর্ষের শেষে ৩ কোটি ২০ লক্ষ টাকা অতিরিক্ত থাকবে। পূর্ত ও পরিবহণ বিষয়ক স্থায়ী সমিতির জন্য ৯৩ কোটি ৪৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে আগামী অর্থবর্ষে প্রায় ৯১ কোটি ৪৭ লক্ষ টাকা খরচ হবে। শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া বিষয়ক স্থায়ী সমিতির জন্য ২কোটি ৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। যার মধ্যে প্রায় ২কোটি টাকা খরচ হবে। জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক স্থায়ী সমিতির খাতে ৮১ কোটি ৬৯ লক্ষ ৫০হাজার টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে প্রায় ৮০ কোটি ৬৩ লক্ষ টাকা খরচ হবে।
Advertisement
মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক স্থায়ী সমিতি এবং ক্ষুদ্রশিল্প ও বিদ্যুৎ বিষয়ক স্থায়ী সমিতির জন্য ১কোটি ৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতির জন্য ১কোটি টাকা বরাদ্দ হয়েছে। শিশু ও নারী উন্নয়ন বিষয়ক স্থায়ী সমিতিকে ১ কোটি ৮৮ লক্ষ, বন ও ভূমি সংস্কার এবং খাদ্য সরবরাহ বিষয়ক স্থায়ী সমিতির জন্য ৯৭ লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে।



