সংবাদদাতা, ইসলামপুর: উত্তর দিনাজপুরে শক্তি বৃদ্ধি করছে এনসিপিআই। চাকুলিয়া পঞ্চায়েত সমিতি দখল নেওয়ার পর এবার ইসলামপুর সহ একাধিক ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলিও তাদের টার্গেটে রয়েছে। এনিয়ে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে যোগাযোগও হচ্ছে বলে দাবি এনসিপিআই নেতৃত্বের। ফলে ‘পরিবর্তিত পরিস্থিতিতে’ ইসলামপুর মহকুমার রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলছে।
গত ৩ নভেম্বর ইসলামপুর পঞ্চায়েত সমিতিতে নতুন বোর্ড গঠন হয়। তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে বিজেপির সভাপতি এবং এনসিপিআই-য়ের সহ সভাপতি নির্বাচিত হয়েছে। সেদিনই দলের সর্বভারতীয় সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় চাকুলিয়া ও গোয়ালপোখর পঞ্চায়েত সমিতি দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন। পঞ্চায়েতগুলিতেও এবার এনসিপিআইয়ের বোর্ড হবে বলে দাবি করেন তিনি।
সেই ভবিষ্যদ্বাণী বাস্তব হতে দেখা যাচ্ছে। গত মঙ্গলবার তৃণমূলের দখলে থাকা চাকুলিয়া পঞ্চায়েত সমিতি সভাপতি সহ ১৬ জন এনসিপিআইতে যোগদান করেছেন। ফলে চাকুলিয়া পঞ্চায়েত সমিতিতে এখন এনসিপিআইয়ের বোর্ড।
এবার তাদের নজর গ্রাম পঞ্চায়েতগুলিতে। সূত্রের খবর, ইসলামপুরের বেশকিছু গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও নেতৃত্ব ইতিমধ্যে এনসিপিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। রাজ্যে পালাবদলের পর থেকে বিজেপির দরজা বন্ধ। তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়াতে নীচুতলার নেতাকর্মীদের একাংশ সিপিএম, কংগ্রেসে যোগদান করছেন। কিন্তু পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত সদস্যরা অনাস্থা থেকে রক্ষা পেতে এবং সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে যাতে বঞ্চিত না হয়, সেজন্য এনডিএ শরিক এনসিপিআইতে যোগদান করছেন। আর এভাবেই ইসলামপুর মহকুমায় কার্যত শক্তিশালী হয়ে উঠছে এনসিপিআই। দলের সর্বভারতীয় সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় বলেন, এখন তো ট্রেলার চলছে। সবেমাত্র শুরু হয়েছে। আগামীতে সমস্ত পঞ্চায়েতে আমাদের বোর্ড হবে। বহু পঞ্চায়েতের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এতদিন উৎসব ছিল। এবার যোগদান শুরু হবে।



