নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বারবার বিজেপিতে যোগের দাবি কার ইঙ্গিতে করা হচ্ছে? এনসিপিআই সাংসদের বিজেপিতে যোগ নিয়ে একাধিক বয়ানে রাজ্য পার্টির উপর চরম ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জানা যাচ্ছে, এব্যাপারে প্রয়োজনে স্পষ্ট নির্দেশিকা দেওয়ার জন্য ইতিমধ্যেই বিজেপিকে বার্তা পাঠিয়েছেন দলের শীর্ষস্তরের কেন্দ্রীয় নেতারা। সেখানে সাফ বলা হয়েছে, এনসিপিআই সাংসদদের এখনই বিজেপিতে কোনোমতেই যোগদান করানো হবে না। এমনকি এসংক্রান্ত বিষয়ে কোনোরকম হঠকারিতা করতেই বারণ করে দেওয়া হয়েছে বিজেপির রাজ্য নেতাদের।
সম্প্রতি বিদ্রোহী তৃণমূলী সাংসদদের অন্যতম জগদীশচন্দ্র বসুনিয়া দাবি করেছেন, দুর্গাপুজোর আগে-পরেই তাঁরা বিজেপিতে যোগ দিতে চলেছেন। এনসিপিআইয়ের বাকি এমপিদের কেউই অবশ্য এমন দাবি করেননি। তবে জগদীশবাবুর এহেন দাবিতে অস্বস্তিতে রাজ্য বিজেপি। এসংক্রান্ত বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও যে ঠিক স্বস্তিতে নেই, তা তাদের বার্তাতেই প্রমাণিত। ইতিমধ্যে এব্যাপারে দলের অবস্থান স্পষ্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকবাবু বুঝিয়ে দিয়েছেন, এই মুহূর্তে বিদ্রোহী তৃণমূলী সাংসদদের সরাসরি বিজেপিতে যোগদান করানোর ব্যাপারে কোনো চিন্তাভাবনা করা হচ্ছে না। কিন্তু দলীয় সূত্রে দাবি করা হয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে যাতে, এব্যাপারে একটি স্পষ্ট অবস্থান দলের পক্ষ থেকে জানানো হয়। সেক্ষেত্রে আর কোনো বিভ্রান্তির অবকাশ থাকে না। কারণ দলীয় নেতৃত্বের একটি বড়ো অংশ মনে করছে, এই মুহূর্তে বিদ্রোহী সাংসদদের প্রত্যেককে বিজেপিতে যোগদান করানো হলে আদতে রাজ্যের শাসকদলের ভাবমূর্তিই নষ্ট হবে। সর্বোপরি জেলায় জেলায় বিজেপির নেতা-কর্মীদের একটি অংশ বিদ্রোহ শুরু করে দিতে পারে। তা সামলানো দলের পক্ষে মুশকিল হবে।
শুধুমাত্র নন্দীগ্রাম এবং রেজিনগরের গুরুত্বপূর্ণ উপনির্বাচনই নয়, পুজোর পরে কলকাতা এবং হাওড়া পুরভোটের নির্বাচনি প্রস্তুতিও শুরু হয়ে যাবে। এহেন পরিপ্রেক্ষিতে যদি দলীয় নেতাকর্মীদের মধ্যেই ক্ষোভ এবং অসন্তোষ দানা বাঁধতে শুরু করে, তাহলে তার ফল রাজ্য বিজেপিকে ভুগতে হবে। যেনতেনপ্রকারে তা এড়াতে চাইছেন দলের নেতারা। নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশ জানিয়েছেন, জগদীশচন্দ্র বসুনিয়া আদৌ এপ্রসঙ্গে দলের কারো কাছ থেকে কোনো ইঙ্গিত পেয়েছেন কি না, তা স্পষ্ট হওয়া জরুরি। নিজে থেকে এসব কথা বারবার বলে তিনি আদতে বিজেপিকেই অস্বস্তিতে ফেলছেন।