সুনেত্রা পাওয়ারকে এড়িয়ে শাহর সঙ্গে বৈঠক এনসিপি নেতাদের! জল্পনা মহারাষ্ট্রে, দলে ভাঙনের আশঙ্কা খারিজ মুখপাত্রের
  • ৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ভাঙনের আশঙ্কা অজিত পাওয়ার পন্থী এনসিপিতে? দিল্লিতে দলের শীর্ষ নেতাদের একাংশের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে  বৈঠকের খবর ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে এমনই জল্পনা তৈরি হয়েছে। সূত্রের দাবি, দলের শীর্ষ নেতাদের একাংশ প্রয়াত নেতা অজিতের স্ত্রী তথা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী  সুনেত্রা ও তাঁর ছেলে পার্থর নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট। সুনেত্রা ও পার্থকে এড়িয়েই ওই নেতারা সোমবার শরিক দল বিজেপির নেতা শাহর সঙ্গে বৈঠক করেছেন। বিরোধী শিবিরের দাবি, দলের ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন সুনেত্রা। যদিও বিষয়টি নিয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে সুনেত্রা শিবির। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বৈঠক পূর্বপরিকল্পিত। এর পিছনে কোনো অভ্যন্তরীণ কোন্দল বা মতবিরোধ নেই। এই নিয়ে রং চড়িয়ে খবর পরিবেশন করা থেকে বিরত থাকার আরজি জানিয়েছেন এনসিপির (অজিত) জাতীয় মুখপাত্র উমেশ পাতিল। তাঁর দাবি, ‘সুনেত্রা পাওয়ার এবং রাজ্যসভার সাংসদ পার্থ পাওয়ারকে এড়িয়ে বৈঠক নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।’

Advertisement

সোমবার সকালে দিল্লিতে শাহের সঙ্গে বৈঠক করেন এনসিপি (অজিত) নেতা প্রফুল্ল প্যাটেল, সুনীল টাটকারে, দিলীপ ওয়ালসে পাতিল, হাসান মুসারিফ, ছগন ভুজবল এবং ধনঞ্জয় মুন্ডে। সেখানে দলনেত্রী এবং কার্যত সেকেন্ড ইন চিফ পার্থর অনুপুস্থিতি সকলের নজর কাড়ে। এরপরই দলের ভাঙন নিয়ে জল্পনা শুরু হয়। তবে যাবতীয় জল্পনা উড়িয়ে উমেশ পাতিল বলেন, ‘অজিত পাওয়ারের মৃত্যুর পর নানা সমস্যা দেখা দিয়েছে। সেই নিয়ে  শাহর সঙ্গে আগেই বৈঠক করেছিলেন সুনেত্রা এবং পার্থ। তখনই প্রবীণ নেতাদের বৈঠকের সময় চাওয়া হয়।’ অজিতের সময় থেকেই দলে রয়েছেন ওই নেতারা। তাঁরাও দলের বিভিন্ন বিষয়ে ওয়াকিবহাল। এই বিষয়গুলি নিয়েই  শাহর সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে বলে দাবি উমেশ পাতিলের।