Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

এনবিইউ: তৃতীয় দিনে পড়ল অস্থায়ী কর্মীদের অবস্থান বিক্ষোভ, চেম্বারে ঢুকতে পারছেন না রেজিস্ট্রার

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের চেম্বারের দরজার সামনে রাখা হয়েছে দু’টি টেবিল। ফলে রুমে ঢুকতে পারছেন না তিনি।

এনবিইউ: তৃতীয় দিনে পড়ল অস্থায়ী কর্মীদের অবস্থান বিক্ষোভ, চেম্বারে ঢুকতে পারছেন না রেজিস্ট্রার
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত গঙ্গোপাধ্যায়, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের চেম্বারের দরজার সামনে রাখা হয়েছে দু’টি টেবিল। ফলে রুমে ঢুকতে পারছেন না তিনি। গত তিন ধরে এই অবস্থা। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার সমরকুমার বিশ্বাসের মধ্যে সংঘাত এখন চরমে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা তিনদিন ধরে অবস্থান বিক্ষোভে চালিয়ে যাচ্ছেন। ফলে প্রশাসনিক কাজে প্রভাব পড়তে শুরু করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে যে, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার চেম্বারে ঢুকতে পারছেন না। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাঁকে কাজ করতে হচ্ছে। 

Advertisement

যদিও অস্থায়ী কর্মীরা দাবি করেছেন, তাঁরা কর্মবিরতি করছেন না। প্রয়োজনীয় কাজ করছেন ও সেই সঙ্গে নিজেদের দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন। এই আবহে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম যে লাটে ওঠার মতো অবস্থায়, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। 
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা একধিক দাবিতে বেশকিছু দিন ধরে দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে দাবিপত্র দিতে চাইছেন। অভিযোগ, সম্প্রতি রেজিস্ট্রার সময় দিয়েও দেখা করেননি। অস্থায়ী কর্মীরা তাঁর সঙ্গে দেখা করতে যাওয়ায় তাঁদের কটূ কথা বলেন বলেও অভিযোগ। যদিও অস্থায়ী রেজিস্ট্রার সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তাই অস্থায়ী কর্মীরা বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার স্বপন রক্ষিতকে স্মারকলিপি দিয়েছিলেন। 
নর্থবেঙ্গল ইউনিভার্সিটি অস্থায়ী শিক্ষাকর্মী অ্যাসোসিয়েশনের সভাপতি অমিতকুমার গুপ্তা বলেন, আমরা উপাচার্য নিয়োগ, বেতন বৃদ্ধি, পে স্কেল চালু, কমপেনসেশন লিভ, মেডিকেল লিভ সহ একাধিক দাবিতে দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রারকে স্মারকলিপি দিতে গিয়েছিলাম। কিন্তু, সেসব তো হয়ইনি। তিনি আমাদের কটূ কথা বলেছিলেন। এরপর থেকেই আমরা অবস্থানে বসেছি। তবে আমরা কর্মবিরতি করছি না। আমরা তাঁর ঘরের সামনে টেবিল রেখেছি। তবে আমরা তালা ঩঩দিইনি। তিনি ডাকলে আমরা আলোচনায় বসতে রাজি। 
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার সমরকুমার বিশ্বাস বলেন, অস্থায়ী কর্মীরা যেসব দাবি জানাচ্ছেন তারমধ্যে দু’টি বিষয় ছাড়া বাকি কিছুই আমার এক্তিয়ারে নেই। যে দু’টি আমার এক্তিয়ারে তা নিয়ে ফিনান্স অফিসারের সঙ্গে কথা বলেছি। আমার চেম্বারের দরজার সামনে টেবিল রেখে দেওয়া হয়েছে। সেটা না সরালে কী করে চেম্বারে ঢুকব! তবে তালা অফিস থেকেই লাগানো হয়েছে। 
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার বলেন, তিনদিন ধরে অস্থায়ী কর্মীরা অবস্থান চালিয়ে যাচ্ছেন। উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে কাজকর্ম স্বাভাবিক চলছে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ